ঝালকাঠির কাঁঠালিয়ায় সমবায়ের মাধ্যমে স্ব-কর্মসংস্থান সৃষ্টি প্রকল্পের আওতায় ৩৯ সদস্যের মাঝে ঋণের চেক বিতরণ করা হয়েছে। রবিবার (৮ নভেম্বর) সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রত্যেক সদস্যকে ৮০ হাজার টাকা করে চেক দেওয়া হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মকবুল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা সমবায় কর্মকর্তা মো. মনিরুল ইসলাম।
এ সময় উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আখতার হোসেন নিজাম মিরবহরসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা বক্তব্য দেন।
বক্তারা বলেন, সমবায়ভিত্তিক এ উদ্যোগ প্রত্যন্ত অঞ্চলের মানুষের কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক ও সমবায় সমিতির সদস্যরা উপস্থিত ছিলেন।

