ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় আপন ছোট ভাইকে কুপিয়ে হত্যা মামলার আসামি নুরুল ইসলাম হাওলাদার (৬০) নামে এক বৃদ্ধের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত নুরুল ইসলাম হাওলাদার দক্ষিণ মহিষকান্দি গ্রামের মৃত মমিন উদ্দিন হাওলাদারের ছেলে।
শনিবার (১৭ অক্টোবর) দুপুরে উপজেলার চেঁচরী রামপুর ইউনিয়নের দক্ষিণ মহিষকান্দি গ্রাম থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রায় ৩-৪ বছর আগে আপন ছোট ভাই বেল্লাল হাওলাদারকে কুপিয়ে হত্যার অভিযোগ ওঠে নুরুল ইসলামের বিরুদ্ধে। ওই ঘটনায় নিহতদের বোন ফিরোজা বেগম বাদী হয়ে কাঁঠালিয়া থানায় একটি হত্যা মামলা করেন। ওই মামলায় প্রায় দুই বছর কারাভোগের পর এক বছর আগে জামিনে মুক্তি পেয়েছিলেন নুরুল ইসলাম।
স্বজনরা জানান, গতকাল শুক্রবার মামলার বাদী ও নিহতের বোন ফিরোজা বেগম জমি বিক্রি করার উদ্দেশ্যে নুরুল ইসলামের বাড়িতে আসেন। এ সময় নুরুল ইসলাম মামলাটি তুলে নেওয়ার অনুরোধ জানালে দুই ভাই বোনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
শনিবার সকাল ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে যেকোনো সময় বসতবাড়ির দক্ষিণ পাশে এক প্রতিবেশীর আমগাছের ডালের সঙ্গে গামছা পেঁচিয়ে আত্মহত্যা করেন নুরুল ইসলাম। পরে স্থানীয় বাসিন্দারা তাঁর ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেন।
নিহতের ছেলে অটোচালক সাকিব হাওলাদার ও স্ত্রী পাখি বেগম জানান, দীর্ঘদিনের মামলা-মোকদ্দমা এবং পারিবারিক চরম মানসিক চাপের কারণে হয়তো নুরুল ইসলাম আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু নাছের রায়হান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেছে। ময়নাতদন্তের জন্য লাশ ঝালকাঠি সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে। আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।

