সুপ্রভাত ঢাকা

কালিহাতীতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

কালিহাতীতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে

টাঙ্গাইলের কালিহাতী উপজেলার ছাতিহাটিতে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেলে ছাতিহাটি শহীদ শাহেদ হাজারী ডিগ্রি কলেজ মাঠে ছাতিহাটি জি.আর যুবক সমিতির উদ্যোগে এ টুর্নামেন্টের উদ্বোধন হয়।

উদ্বোধনী খেলায় মহেলা স্পোর্টিং ক্লাব ও হেমনগর স্পোর্টিং ক্লাব মুখোমুখি হয়। টাঙ্গাইল জেলা তাঁতী দলের সদস্য সচিব রফিকুল ইসলাম রফিকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল জেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি সৈয়দ মনিরুজ্জামান জুয়েল। খেলার উদ্বোধন করেন সৈয়দ টিটন ফাউন্ডেশনের চেয়ারম্যান সৈয়দ মারুফুল ইসলাম টিটন।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৮ নম্বর পাইকরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আজাদ হোসেন, টাঙ্গাইল সদর উপজেলা বিএনপির সহসভাপতি মীর ফরহাদ আলী, পাইকরা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য আব্দুর রশীদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

৬০ মিনিটের খেলায় প্রথমার্ধের ১২ মিনিটে হেমনগর স্পোর্টিং ক্লাবের ১৯ নম্বর জার্সিধারী খেলোয়াড় হাসান একমাত্র গোলটি করেন। শেষ পর্যন্ত ১-০ গোলে মহেলা স্পোর্টিং ক্লাবকে পরাজিত করে হেমনগর স্পোর্টিং ক্লাব জয়লাভ করে।