সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার সোনামুখী বাজার ও হাট এলাকায় ডেঙ্গু মশার লার্ভা পাওয়া গেছে। বাজার ও হাটের ড্রেন ও আশপাশের নোংরা জায়গার জমে থাকা পানিতে এই লার্ভা পাওয়া গেছে বলে নিশ্চিত করেছেন কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রাসেল।
মশার প্রজননক্ষেত্র ধ্বংস করতে বুধবার (২৩ সেপ্টেম্বর) সকাল ১১টায় অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ও সহকারী কমিশনার (ভূমি) নাঈমা জাহান সুমাইয়া এই পরিচ্ছন্নতা অভিযানের নেতৃত্ব দেন।
অভিযানে অন্যদের মধ্যে কাজিপুর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মো. রাসেল, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ও সোনামুখী ইউনিয়নের প্রশাসক ডাঃ মো দিদারুল আহসান, কাজিপুর পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম ও পরিচ্ছন্নতা কর্মিগণ অংশ নেন।
জনসচেতনতা সৃষ্টির উপর গুরুত্ব দিয়ে সহকারী কমিশনার (ভূমি) বলেন, প্রত্যেক বাড়ির মালিক ও ব্যবসায়ী নিজ নিজ দায়িত্বে আশপাশ ও ড্রেন পরিস্কার রাখবেন। মনে রাখবেন সচেতনতাই পারে ডেঙ্গুকে দূর করতে। এসময় উপস্থিত জনগণের মাঝে এ সংক্রান্ত লিফলেট বিতরণ করা হয়েছে।
এসময় মশার প্রজননক্ষেত্রগুলোতে মেশিন দ্বারা ওষুধ ছিটানো হয়।

