সুপ্রভাত ঢাকা

ঝালকাঠিতে মাদকসহ আটক ৪

ঝালকাঠিতে মাদকসহ আটক ৪
ঝালকাঠিতে মাদকসহ আটক ৪

ঝালকাঠিতে জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে আটক করা হয়েছে। এ ঘটনায় মাদক বিক্রয়ে সহায়তার অভিযোগে একজনকে পলাতক আসামি করা হয়েছে।

শনিবার (২১ নভেম্বর) রাত পৌনে ১০টার দিকে ঝালকাঠি সদর উপজেলার শেখেরহাট ইউনিয়নের শ্রীমন্তকাঠি এলাকার সিএনবি বাজারে বাদশা মিয়ার চায়ের দোকানের সামনের পাকা সড়ক থেকে তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সদর উপজেলার বৈধারাপুর এলাকার মো. সজিব মাঝি (১৯) ও মো. রাজিব হোসেন ওরফে জহিরুল (২১) এবং ঝালকাঠি পৌরসভার সিটি পার্ক এলাকার রাফাত হাওলাদার (১৯) ও মো. বাপ্পি (১৯)। এ ছাড়া শ্রীমন্তকাঠি এলাকার মৃত হানিফ তালুকদারের ছেলে মো. রায়হান তালুকদারকে (২০) পলাতক আসামি দেখানো হয়েছে।

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির উপপরিদর্শক (এসআই) মো. হুমায়ুন কবির সঙ্গীয় ফোর্সসহ ওই এলাকায় মাদকবিরোধী অভিযান চালান। অভিযানে ৯০ গ্রাম গাঁজাসহ চারজনকে হাতেনাতে আটক করা হয়।

এ ঘটনায় এসআই মো. হুমায়ুন কবির বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা করেছেন।

আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় এবং পলাতক আসামির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় অভিযোগ আনা হয়েছে।