ঝালকাঠিতে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে চারটি মামলায় পাঁচ হাজার টাকা জরিমানা আদায় করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (২৪ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগের নির্দেশনা অনুযায়ী দেশব্যাপী চলমান ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর অংশ হিসেবে জেলা প্রশাসন এ কর্মসূচি পরিচালনা করে।
অভিযানে জনসচেতনতা বাড়াতে র্যালি, লিফলেট বিতরণ ও মাইকিং করা হয়। পাশাপাশি এডিস মশার প্রজননস্থল ধ্বংসে লার্ভিসাইড স্প্রে, ফগার মেশিনে মশক নিধন এবং বিভিন্ন প্রতিষ্ঠান, বসতবাড়ি ও সড়কের আশপাশ পরিষ্কার করা হয়।
অভিযানের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন। এ সময় তিনি পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদার, নিয়মিত তদারকি ও জনসচেতনতা বৃদ্ধিতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে নির্দেশনা দেন।
জেলা প্রশাসন জানায়, ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি নাগরিকদেরও সচেতন হতে হবে। বাসাবাড়ি ও আশপাশ পরিষ্কার রাখা এবং কোথাও পানি জমতে না দেওয়ার মাধ্যমে এডিস মশার বংশবিস্তার রোধ করা সম্ভব। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

