সুপ্রভাত ঢাকা

জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম

জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম
জাপানি মডেলে ঢাকার ২১ স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম

জাপানের ‘ও-সোজি’ মডেলে ঢাকার ২১টি স্কুলে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করতে যাচ্ছে জেলা প্রশাসন। বিদ্যালয় পরিষ্কার রাখা, শিক্ষার্থীদের মধ্যে দায়িত্ববোধ তৈরি এবং ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বাড়ানো এ উদ্যোগের মূল লক্ষ্য।

বুধবার সকাল ১১টায় ঢাকার জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ক্লিন স্কুল টিম’-এর পাইলট প্রকল্পের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কর্মসূচির উদ্বোধন করেন ঢাকার বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা খানম।

কর্মসূচির আওতায় প্রতিদিন ১৫ থেকে ২০ মিনিট স্কুলের শ্রেণিকক্ষ, করিডোর ও পাঠাগারের মতো নিরাপদ স্থান পরিষ্কার করবে শিক্ষার্থীরা। শিক্ষকরা এ কাজে তদারকি করবেন। তবে টয়লেট, নোংরা ড্রেন ও ঝুঁকিপূর্ণ স্থান পরিষ্কার করবেন দায়িত্বপ্রাপ্ত কর্মীরা।

এ ছাড়া প্রতি সপ্তাহে স্কুলে ডেঙ্গুর ঝুঁকি পরীক্ষা করা হবে। কোথাও পানি জমে আছে কি না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। বর্জ্য আলাদা করে ফেলা এবং পচনশীল বর্জ্য থেকে জৈব সার তৈরির বিষয়েও শিক্ষার্থীদের শেখানো হবে।

‘আমার বাসা, আমার দায়িত্ব’ কর্মসূচির মাধ্যমে শিক্ষার্থীদের বাড়িতেও পরিচ্ছন্নতার অভ্যাস গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে ভালো কাজ করা স্কুল, শ্রেণি ও শিক্ষার্থীদের পুরস্কৃত করার পরিকল্পনা রয়েছে।

জেলা প্রশাসক ফরিদা খানম বলেন, পরিচ্ছন্নতা শুধু স্কুল পরিষ্কার রাখার বিষয় নয়। এর মাধ্যমে শিক্ষার্থীদের দায়িত্ববোধ, শ্রমের মর্যাদা ও পরিবেশের প্রতি যত্নশীল হওয়ার শিক্ষা দেওয়া সম্ভব।

বিভাগীয় কমিশনার মো. মনিরুজ্জামান মিয়া বলেন, শিক্ষার্থীরা নিজের স্কুল পরিষ্কার রাখার অভ্যাস গড়ে তুললে পরিবার ও সমাজেও এর ইতিবাচক প্রভাব পড়বে।

উল্লেখ্য, গত ৮ জুলাই ঢাকার শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ‘ক্লিন স্কুল টিম’ গঠন করে জেলা প্রশাসন। প্রায় তিন মাস ধরে বিভিন্ন দেশের পরিচ্ছন্নতা কার্যক্রম পর্যালোচনা করে বাংলাদেশের উপযোগী করে জাপানের ও-সোজি মডেলে এ কর্মসূচি সাজানো হয়েছে।