গোপালগঞ্জে ফাল্গুনী পরিবহনের একটি বাসের চাপায় মহিবুল্লাহ নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় ইজিবাইকের তিন যাত্রী আহত হয়েছেন। দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন।
শনিবার (১৪ নভেম্বর) বিকেলে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার চন্দ্রদিঘলিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা ফাল্গুনী পরিবহনের একটি বাস চন্দ্রদিঘলিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল ও ইজিবাইককে চাপা দেয়। এতে মোটরসাইকেল আরোহী মহিবুল্লাহ ঘটনাস্থলেই নিহত হন। আহত হন ইজিবাইকের তিন যাত্রী। নিহত মহিবুল্লাহ চন্দ্রদিঘলিয়া গ্রামের মৃত সুফি সাহেবের ছেলে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। এদিকে, দুর্ঘটনায় ক্ষুব্ধ হয়ে লোকজন বাসটিতে আগুন ধরিয়ে দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।

