সুপ্রভাত ঢাকা

একক শিল্পী হিসেবে বিলবোর্ডে দ্বিতীয় সাফল্য লিসার

একক শিল্পী হিসেবে বিলবোর্ডে দ্বিতীয় সাফল্য লিসার
একক শিল্পী হিসেবে বিলবোর্ডে দ্বিতীয় সাফল্য লিসার

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় অ্যালবাম তালিকা বিলবোর্ড ২০০-তে অভিষেকেই শীর্ষ ৩৫-এ জায়গা করে নিয়েছে কে-পপ তারকা ও ব্ল্যাকপিংক সদস্য লিসার নতুন একক ইপি ‘প্রেস প্লে’। তালিকার ৩৫তম অবস্থানে রয়েছে ছয় গানের এই অ্যালবাম। এর মধ্য দিয়ে একক শিল্পী হিসেবে দ্বিতীয়বারের মতো বিলবোর্ড ২০০-তে জায়গা পেলেন লিসা।

গত ৮ নভেম্বর প্রকাশিত বিলবোর্ডের সাপ্তাহিক তালিকায় এ অবস্থান নিশ্চিত হয়। এর আগে ২০২৫ সালে প্রকাশিত লিসার প্রথম পূর্ণাঙ্গ একক অ্যালবাম ‘অল্টার ইগো’ বিলবোর্ড ২০০-এর সাত নম্বরে উঠেছিল। নতুন ইপিটি সেই সাফল্যের ধারাবাহিকতায় যুক্তরাষ্ট্রের অ্যালবাম বাজারে তাঁর অবস্থান আরও দৃশ্যমান করল।

বিলবোর্ডের অন্যান্য তালিকাতেও জায়গা করে নিয়েছে ‘প্রেস প্লে’। যুক্তরাষ্ট্রে সবচেয়ে বেশি বিক্রি হওয়া অ্যালবামের তালিকা টপ অ্যালবাম সেলসে এটি ছয় নম্বরে এবং ভিনাইল অ্যালবাম তালিকায় ১৫ নম্বরে অভিষেক করেছে।

ইপিটির শিরোনাম গান ‘তারান্তিনো’ বিলবোর্ড গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকায় ৭৯তম এবং গ্লোবাল ২০০ তালিকায় ৯৮তম অবস্থানে রয়েছে। অন্যদিকে, অ্যালবাম প্রকাশের আগে আসা গান ‘সাওয়াদিকা’ নতুন করে দুই বৈশ্বিক তালিকায় জায়গা পেয়েছে। গ্লোবাল এক্সক্লুডিং ইউএস তালিকায় গানটি ১১৩তম এবং গ্লোবাল ২০০-তে ১২৬তম অবস্থানে রয়েছে। এ ছাড়া বিলবোর্ডের শিল্পী তালিকা আর্টিস্ট ১০০-তে ৩৪তম অবস্থানে ফিরেছেন লিসা। একক শিল্পী হিসেবে এই তালিকায় এটি তাঁর ষষ্ঠ সপ্তাহের উপস্থিতি, যদিও তা ধারাবাহিক নয়।

গত ২৩ অক্টোবর প্রকাশিত ‘প্রেস প্লে’ লিসার প্রথম একক ইপি। প্রায় এক বছর আট মাস বিরতির পর নতুন এই সংগীত প্রকল্প নিয়ে ফিরেছেন তিনি। ছয়টি গান নিয়ে সাজানো ইপিটির নেতৃত্বে রয়েছে ‘তারান্তিনো’। এতে আরও আছে ‘সাওয়াদিকা’, ‘ভি১২’, ‘কোবরা’, ‘কাট ইউ অফ’ ও ‘সোয়েট’। থাইল্যান্ডের শিকড় থেকে আন্তর্জাতিক সংগীতাঙ্গনে নিজের প্রতিষ্ঠা- জীবনের নানা পর্যায়ের গল্প ও অভিজ্ঞতা অ্যালবামটির গানে তুলে ধরার কথা জানিয়েছেন লিসা।

এর আগে গত সেপ্টেম্বরে প্রকাশিত ‘সাওয়াদিকা’ গানটি বিলবোর্ড হট ১০০-তে ৬৯তম অবস্থানে অভিষেক করে। একক শিল্পী হিসেবে লিসার সর্বোচ্চ অবস্থান ছিল সেটি। নতুন ইপির সাফল্য তাঁর একক সংগীতজীবনে আরেকটি উল্লেখযোগ্য সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে।

ব্ল্যাকপিংকের সদস্য হিসেবে বিশ্বজুড়ে পরিচিতি পাওয়ার পর লিসা একক শিল্পী হিসেবেও আন্তর্জাতিক সংগীতবাজারে নিজের অবস্থান তৈরি করেছেন। ‘অল্টার ইগো’র পর ‘প্রেস প্লে’র বিলবোর্ড ২০০-তে জায়গা করে নেওয়া সেই যাত্রারই নতুন অধ্যায়।