সুপ্রভাত ঢাকা

ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত

ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, তাপমাত্রা থাকবে অপরিবর্তিত
ঢাকাসহ ৭ বিভাগে বৃষ্টির পূর্বাভাস, ছবি: সংগৃহীত

রাজধানী ঢাকার আকাশ আজ আংশিক মেঘলা থাকতে পারে। একই সঙ্গে নগরীর কোথাও কোথাও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) সকালে দেয়া আবহাওয়া অধিদপ্তরের বার্তায় এ তথ্য জানানো হয়। সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, ঢাকায় দক্ষিণ ও দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। এদিন দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।

এদিকে আরেক বার্তায় আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দেশের চার বিভাগে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রংপুর, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

তবে দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। একই সঙ্গে সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (৩ অক্টোবর) অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে বলা হয়, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের দক্ষিণাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর কম সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে দুর্বল থেকে মাঝারি অবস্থায় রয়েছে।

এদিন সন্ধ্যায় ঢাকায় বাতাসের আপেক্ষিক আর্দ্রতা ছিল ৭৩ শতাংশ। এ সময় দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হয়। আজ ঢাকায় সূর্যাস্ত হবে সন্ধ্যা ৫টা ৪৪ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় হবে ভোর ৫টা ৫১ মিনিটে।