ক্রিশ্চিয়ানো রোনালদোর আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণার পর নিজেদের প্রথম ম্যাচেই বড় পরাজয়ের মুখে পড়েছে পর্তুগাল। সাবেক ম্যানচেস্টার ইউনাইটেড স্ট্রাইকার রাসমুস হয়লুন্ডের জোড়া গোলে পর্তুগালকে ৪-১ ব্যবধানে হারিয়ে দুর্দান্ত জয় তুলে নিয়েছে ডেনমার্ক।
৪১ বছর বয়সী রোনালদো ২০০৩ সালে আন্তর্জাতিক ফুটবলে অভিষেকের পর পর্তুগালের হয়ে ২৩৪টি ম্যাচ খেলেছেন এবং করেছেন ১৪৬ গোল। জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোল; দুই ক্ষেত্রেই বিশ্ব রেকর্ডের মালিক তিনি। পাঁচবারের ব্যালন ডি’অরজয়ী এই মহাতারকা গত সপ্তাহে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানান।
যদিও পর্তুগালের কোচ হোর্হে জেসুস পরে জানিয়েছিলেন, ডেনমার্ক ও ওয়েলসের বিপক্ষে উয়েফা নেশনস লিগের ম্যাচে রোনালদোকে দলে রাখার পরিকল্পনা ছিল তার। এর আগে সেপ্টেম্বরে ডেনমার্কের বিপক্ষে প্রথম ম্যাচে শুরুর একাদশে জায়গা না পাওয়ার কথা জানার পর পর্তুগাল দলীয় ক্যাম্প ছেড়ে চলে গিয়েছিলেন রোনালদো। এ ঘটনায় তাকে ২১৫ পাউন্ড জরিমানা এবং ৩০ দিনের নিষেধাজ্ঞার মুখেও পড়তে হয়েছিল।
শনিবার (১৪ নভেম্বর) দিবাগত রাতে ব্রাগায় অনুষ্ঠিত ম্যাচে রোনালদোকে স্মরণ করে বিশেষ আয়োজন করে পর্তুগাল। মাঠে প্রবেশের সময় খেলোয়াড় ও মাসকটদের গায়ে ছিল ‘রোনালদো ৭’ লেখা জার্সি। গ্যালারির ওপরের অংশে সমর্থকেরা প্রদর্শন করেন ‘রোনালদো’ এবং নিচের অংশে ‘গোট’ (গ্রেটেস্ট অব অল টাইম) লেখা। এ ছাড়া ‘ধন্যবাদ, অধিনায়ক’ লেখা ব্যানারও দেখা যায়। ম্যাচের সপ্তম মিনিটে স্কোরবোর্ডেও একই ধরনের শ্রদ্ধাবার্তা প্রদর্শন করা হয়।
তবে রোনালদোকে ঘিরে সেই আবেগঘন আয়োজনের মধ্যেই মাঠের খেলায় দাপট দেখায় ডেনমার্ক।
প্রথমার্ধের শেষ দিকে পেনাল্টি থেকে গোল করে দলকে এগিয়ে দেন সাবেক সাউদাম্পটন ও টটেনহাম মিডফিল্ডার পিয়েরে-এমিল হইবিয়ের্গ। রুবেন দিয়াসের হ্যান্ডবলের সিদ্ধান্তে পাওয়া পেনাল্টি কাজে লাগান তিনি।
দ্বিতীয়ার্ধের শুরুতে মাত্র আট মিনিটের ব্যবধানে জোড়া গোল করেন নাপোলিতে খেলা রাসমুস হয়লুন্ড। এরপর ৭৫ মিনিটে জোয়াকিম অ্যান্ডারসেন হেডে গোল করলে ৪-০ ব্যবধানে এগিয়ে যায় ডেনমার্ক।
ম্যাচের অতিরিক্ত সময়ের তৃতীয় মিনিটে জোয়াও নেভেসের ফিরতি বল থেকে কাছাকাছি দূরত্বে গোল করে পর্তুগালের হয়ে ব্যবধান কমান বার্নার্দো সিলভা। তবে তাতে বড় পরাজয় এড়ানো সম্ভব হয়নি।
নেশনস লিগে নিজেদের প্রথম চার ম্যাচেই জয় পেয়েছিল পর্তুগাল। ফলে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও গ্রুপসেরা হওয়ার লড়াইয়ে এখন ওয়েলসের বিপক্ষে ম্যাচটি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। আগামী ১৭ নভেম্বর কার্ডিফে ওয়েলসের মুখোমুখি হবে পর্তুগাল। গ্রুপসেরা হতে হলে ম্যাচটিতে হার এড়াতে হবে তাদের।
অন্যদিকে তিন পয়েন্টের ব্যবধানে গ্রুপের দ্বিতীয় স্থানে থাকা ডেনমার্ক আগামী মঙ্গলবার নরওয়ের আতিথ্য নেবে।

