সুপ্রভাত ঢাকা

চোটের মিছিলে নিউজিল্যান্ড, শেষ দুই ওয়ানডেতে নেই ফার্গুসন-টিকনার

চোটের মিছিলে নিউজিল্যান্ড, শেষ দুই ওয়ানডেতে নেই ফার্গুসন-টিকনার
ফাইল ছবি

ভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে একের পর এক চোটের ধাক্কা সামলাতে হচ্ছে নিউজিল্যান্ডকে। এবার সিরিজের শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেছেন পেসার লকি ফার্গুসন। অন্যদিকে, হেলমেটে আঘাত পাওয়ায় আইসিসির বাধ্যতামূলক সাত দিনের বিরতিতে থাকতে হবে ব্লেয়ার টিকনারকে। ফলে পরবর্তী দুই ম্যাচে খেলা হচ্ছে না তারও। খবর ক্রিকবাজের।

নিউজিল্যান্ড ক্রিকেট (এনজেডসি) জানিয়েছে, টি-টোয়েন্টি সিরিজ চলাকালে ডান পায়ের কাফ মাসলে (পায়ের পেছনের পেশি) পাওয়া চোট থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি ফার্গুসন। তার চোটটি নিম্নমাত্রার পেশি ছিঁড়ে যাওয়ার ঘটনা।

অন্যদিকে, ওয়েলিংটনে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে হেলমেটে আঘাত পাওয়ার পর টিকনারকে মাঠ থেকে তুলে নেয়া হয়েছিল। তার পরিবর্তে খেলেন ম্যাট ফিশার। পরবর্তী পরীক্ষায় টিকনারের কনকাশন বা মস্তিষ্কে আঘাতজনিত সমস্যা ধরা না পড়লেও আইসিসির নিয়ম অনুযায়ী সাত দিনের বাধ্যতামূলক বিরতিতে থাকতে হবে তাকে। তাই শেষ দুই ওয়ানডেতে খেলা হচ্ছে না এই পেসারের।

টিকনারের বিকল্প হিসেবে হ্যামিল্টনে তৃতীয় ওয়ানডের আগেই দলে ডাকা হয়েছে বোলিং অলরাউন্ডার ক্রিস্টিয়ান ক্লার্ককে। সিরিজের শেষ দুই ম্যাচের জন্য আগেই ঘোষিত দলে ছিলেন তিনি।

এদিকে, চোটের কারণে মাঠের বাইরে থাকা ম্যাট হেনরির ফেরার সম্ভাব্য সময়ও জানিয়েছে নিউজিল্যান্ড ক্রিকেট। তাকে মাউন্ট মঙ্গানুইয়ে অনুষ্ঠেয় চতুর্থ ওয়ানডেতে ফেরানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সিরিজ শুরুর আগে ডেভন কনওয়ের সঙ্গে সংঘর্ষে পড়েছিলেন হেনরি। পরে তার কনকাশন না হলেও দ্বিতীয় টি-টোয়েন্টিতে ডান উরুর পেশিতে নিম্নমাত্রার চোট ধরা পড়ে।

তৃতীয় ওয়ানডের পর ওয়েলিংটনে টেস্ট দলের ক্যাম্পে যোগ দেয়ার কথা ছিল হেনরি ও কাইল জেমিসনের। তবে পরিবর্তিত পরিস্থিতিতে চতুর্থ ওয়ানডের জন্যও দলের সঙ্গে থাকবেন তারা। একই সঙ্গে শেষ দুই ম্যাচের জন্য স্কোয়াডে আরও দুজন ক্রিকেটার যুক্ত করার কথা নিশ্চিত করেছে এনজেডসি।

তৃতীয় ওয়ানডের পর বুধবার টেস্ট সিরিজের প্রস্তুতির জন্য ওয়েলিংটনে চলে যাবেন টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস ও নাথান স্মিথ। আসন্ন টেস্ট সিরিজের দলও শিগগির ঘোষণা করা হবে।

পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে বর্তমানে ০-২ ব্যবধানে পিছিয়ে রয়েছে নিউজিল্যান্ড। সিরিজে টিকে থাকতে হলে বাকি ম্যাচগুলোতে জয়ের বিকল্প নেই স্বাগতিকদের। এর আগে ভারতের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজও ২-৩ ব্যবধানে হেরেছে কিউইরা।

চোটের কারণে সিরিজ থেকে ছিটকে গেছেন ডেভন কনওয়ে। এছাড়া কাঁধের চোটে রাচিন রবীন্দ্র এবং হ্যামস্ট্রিংয়ের সমস্যায় মার্ক চ্যাপম্যানও দলের বাইরে রয়েছেন। সব মিলিয়ে গুরুত্বপূর্ণ ক্রিকেটারদের অনুপস্থিতিতে বেশ কঠিন সময় পার করছে নিউজিল্যান্ড।

তৃতীয় ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, কাইল জেমিসন, নিক কেলি, টম ল্যাথাম, ড্যারিল মিচেল, হেনরি নিকোলস, গ্লেন ফিলিপস, টিম সেইফার্ট, নাথান স্মিথ ও উইল ইয়ং।

চতুর্থ ওয়ানডের জন্য নিউজিল্যান্ডের স্কোয়াড

মিচেল স্যান্টনার (অধিনায়ক), ফিন অ্যালেন, মাইকেল ব্রেসওয়েল, ক্রিস্টিয়ান ক্লার্ক, জ্যাকব ডাফি, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, মিচেল হে, ম্যাট হেনরি, কাইল জেমিসন, নিক কেলি, টিম সেইফার্ট ও উইল ইয়ং।