যে ঘরে বেজে ওঠার কথা ছিল বিয়ের আনন্দের সুর, যে উঠোনে অপেক্ষা করছিল ছেলের নতুন জীবনের উৎসব—সেই ঘরেই নেমে এলো শোকের মাতম। ছোট ছেলের বিয়েতে যোগ দিতে স্বজনদের সঙ্গে আনন্দযাত্রায় বের হয়েছিলেন বাবা আব্দুল আজিজ। কিন্তু কে জানত, সেই যাত্রাই হবে তার জীবনের শেষ যাত্রা! ছেলের বিয়ের আনন্দ ভাগ করে নেওয়ার বদলে পরিবারের জন্য রেখে গেলেন চিরবিদায়ের বেদনা।
সাতক্ষীরার শ্যামনগরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন আব্দুল আজিজ (৫০) নামে এক ব্যক্তি। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার স্ত্রী। আশঙ্কাজনক অবস্থায় তাকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) বিকেলে শ্যামনগর উপজেলার বংশীপুর-ভেটখালী সড়কের পেচোর মোড় এলাকায় এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে। নিহত আব্দুল আজিজ শ্যামনগর উপজেলার গোডাউন মোড় এলাকার বাসিন্দা। তার পৈতৃক নিবাস জয়নগর গাজীবাড়ি এলাকায়। পেশায় তিনি একজন গাড়িচালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ছোট ছেলের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে আত্মীয়স্বজন ও বরযাত্রীদের সঙ্গে নিয়ে কৈখালী এলাকার উদ্দেশ্যে রওনা হয়েছিলেন আব্দুল আজিজ। স্ত্রীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেলে যাচ্ছিলেন তিনি। পথিমধ্যে পেচোর মোড় এলাকায় পৌঁছালে ভেটখালী থেকে বংশীপুরগামী একটি ট্রাক তাদের মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান আব্দুল আজিজ। গুরুতর আহত হন তার স্ত্রী।
এক মুহূর্তেই থেমে গেল একটি পরিবারের আনন্দ, নিভে গেল সংসারের এক অভিভাবকের জীবনপ্রদীপ। যে বাবা ছেলের বিয়েতে আশীর্বাদ নিয়ে যাওয়ার কথা ছিল, সেই বাবাকেই আর ফিরে পাবে না পরিবার। বিয়ের আনন্দঘন আয়োজন মুহূর্তেই রূপ নিল কান্না আর আহাজারিতে। অন্যদিকে হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়ছেন তার জীবনসঙ্গী স্ত্রী।
আব্দুল আজিজের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুতে গোডাউন মোড়, জয়নগর গাজীবাড়িসহ আশপাশের এলাকায় নেমে এসেছে গভীর শোকের ছায়া। স্বজন, প্রতিবেশী ও পরিচিতজনদের মধ্যে বইছে শোকের মাতম। একটি দুর্ঘটনা মুহূর্তেই কেড়ে নিল একটি পরিবারের হাসি-আনন্দ, রেখে গেল আজীবনের এক অপূরণীয় শূন্যতা।

