সুন্দরবনের কোলঘেঁষা উপকূলীয় জনপদ খুলনার কয়রা। নদীভাঙন, লবণাক্ততা আর প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকা এই জনপদে দারিদ্র্যের পাশাপাশি মেয়েশিশুদের জন্য বড় সংকট বাল্যবিবাহ। অভাবের সংসারে অনেক সময় মেয়েদের স্বপ্নের চেয়ে বিয়ের আয়োজনই বড় হয়ে ওঠে। বই-খাতার বদলে কিশোরীদের হাতে তুলে দেওয়া হয় সংসারের দায়িত্ব। তবে এই চিরচেনা বাস্তবতা আর মেনে নিতে রাজি নয় তারা। নিজেদের শৈশব, শিক্ষা ও ভবিষ্যৎ রক্ষায় এবার প্রতিবাদের ভাষা হয়ে রাজপথে নেমেছে কয়রার কিশোরীরা।
শনিবার (১৪ নভেম্বর) সকাল ১০টায় কয়রা উপজেলা সদরে দেখা যায় ব্যতিক্রমী এক দৃশ্য। মাথায় কমলা রঙের টুপি, হাতে বাল্যবিবাহবিরোধী নানা রঙের প্ল্যাকার্ড ও ফেস্টুন। স্লোগানে স্লোগানে মুখরিত হয়ে ওঠে চারপাশ। সুন্দরবন মাধ্যমিক বালিকা বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হওয়া শোভাযাত্রাটি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। তাদের কণ্ঠে ছিল একটাই দাবি—বাল্যবিবাহ নয়, চাই শিক্ষা ও সুন্দর ভবিষ্যৎ।
বেসরকারি উন্নয়ন সংস্থা আমাল ফাউন্ডেশনের বাস্তবায়নে এবং গার্লস ফার্স্ট ফান্ডের সহযোগিতায় পরিচালিত ‘ফর দ্য পারপাস অব প্রিভেন্টিং অ্যান্ড রেসপন্ডিং টু চাইল্ড ম্যারেজ অ্যান্ড আর্লি ইউনিয়নস’ প্রকল্পের আওতায় এ সচেতনতামূলক র্যালির আয়োজন করা হয়। এতে উপজেলার ২০টি মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসার কয়েক শ শিক্ষার্থী অংশ নেয়। কিশোরীদের এই প্রতিবাদী পদযাত্রায় সংহতি জানিয়ে অংশ নেন উপজেলা প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, শিক্ষক, জনপ্রতিনিধি, ধর্মীয় নেতা এবং স্থানীয় সুশীল সমাজের প্রতিনিধিরা।
র্যালি শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তন, নদীভাঙন ও প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত কয়রার মতো উপকূলীয় এলাকায় অর্থনৈতিক সংকট বাল্যবিবাহের অন্যতম কারণ। দুর্যোগের পর অনেক পরিবার জীবিকা হারিয়ে আরও অসহায় হয়ে পড়ে। এর সঙ্গে যুক্ত হয় সামাজিক অসচেতনতা ও মেয়েশিশুর নিরাপত্তা নিয়ে অভিভাবকদের উদ্বেগ। ফলে অনেক ক্ষেত্রে মাধ্যমিকের গণ্ডি পেরোনোর আগেই মেয়েদের বিয়ের সিদ্ধান্ত নেওয়া হয়। অথচ একটি বাল্যবিবাহ শুধু একটি মেয়ের পড়াশোনাই থামিয়ে দেয় না, কেড়ে নেয় তার স্বপ্ন, সম্ভাবনা ও নিজের মতো করে জীবন গড়ার অধিকার। অপরিণত বয়সে মাতৃত্বের কারণে তৈরি হয় নানা শারীরিক ও মানসিক স্বাস্থ্যঝুঁকিও।
বক্তারা আরও বলেন, শুধু আইনের কঠোর প্রয়োগে বাল্যবিবাহ বন্ধ করা সম্ভব নয়। এ জন্য প্রয়োজন পরিবার থেকে সমাজ—সব পর্যায়ে দৃষ্টিভঙ্গির পরিবর্তন। মেয়েদের শিক্ষার সুযোগ ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করার পাশাপাশি অভিভাবকদের সচেতন করতে হবে। এ ক্ষেত্রে আমাল ফাউন্ডেশনের তৃণমূল পর্যায়ের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন।
সমাবেশে স্থানীয় শিক্ষক, ধর্মীয় নেতা ও জনপ্রতিনিধিরা নিজ নিজ অবস্থান থেকে বাল্যবিবাহ প্রতিরোধে সক্রিয় ভূমিকা রাখার অঙ্গীকার করেন। আয়োজক ও অতিথিরা বলেন, সম্মিলিত সামাজিক প্রতিরোধ গড়ে তোলা গেলে কয়রাকে বাল্যবিবাহমুক্ত উপজেলা হিসেবে প্রতিষ্ঠা করা সম্ভব।
কিশোরীদের এই পদযাত্রা যেন শুধু একটি শোভাযাত্রা নয়, বরং একটি স্পষ্ট বার্তা—মেয়েদের স্বপ্নের ঠিকানা বিয়ের পিঁড়ি নয়, তাদের জায়গা শিক্ষাপ্রতিষ্ঠানে; তাদের হাতে সংসারের বোঝা নয়, থাকার কথা বই-খাতা।

