অর্থ এবং পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গবেষণার মাধ্যমে বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির (শিল্পখাত) সঙ্গে যুক্ত করা বর্তমান সরকারের অন্যতম প্রধান কর্মসূচি।
বুধবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে এর কেন্দ্রীয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে অনলাইনের মাধ্যমে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
এসময় রাষ্ট্রীয় কাজে ব্যস্ত থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে না পারার জন্য সবার কাছে তিনি আন্তরিক দুঃখ প্রকাশও করেন।
অর্থমন্ত্রী জানান, ‘বিশ্ববিদ্যালয়গুলোকে ইন্ডাস্ট্রির সঙ্গে সংযোগ ঘটানোর বিষয়ে সরকারের বড় ধরনের পরিকল্পনা আছে।’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটি বড় গবেষণা শুরু করার আশাও তিনি প্রকাশ করেন।
তার মতে, এর মাধ্যমে শিল্প, কৃষি, সামুদ্রিক খাত (মেরিন সেক্টর), ইলেকট্রিক খাত ও ডিজিটাল মাধ্যমের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের সংযোগ তৈরি করা সম্ভব।
বিশ্ববিদ্যালয়ের ফ্যাকাল্টিগুলোকে কীভাবে আরও উন্নত করা যায়, সে বিষয়ে আলোচনার প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন। এজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ, এলামনাই ও উপস্থিত সবাইকে মুক্ত আলোচনায় অংশ নিতে অনুরোধ জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাকৃতিক অবস্থানের প্রশংসা করে অর্থমন্ত্রী বলেন, নদী, সমুদ্র ও পাহাড় ঘেরা এমন সুন্দর পরিবেশ বিশ্বের খুব কম ক্যাম্পাসেই আছে। এটিই এই বিশ্ববিদ্যালয়ের আলাদা সম্ভাবনা। এই সম্ভাবনা ও এলামনাই নেটওয়ার্ককে কাজে লাগানো নিয়ে আলোচনা হওয়া উচিত বলেও তিনি মত দেন।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ভূমি ও পার্বত্য চট্টগ্রাম প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন ও উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম।
এদিন, সকাল সাড়ে ১০টায় আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্য দিয়ে হীরকজয়ন্তীর কর্মসূচি শুরু হয়। এরপর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বর থেকে অগ্রণী ব্যাংক মোড় ও নিরাপত্তা দপ্তরের মোড় হয়ে কেন্দ্রীয় খেলার মাঠ পর্যন্ত আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। শোভাযাত্রা শেষে ছয় দশক পূর্তির কেক কাটা হয়। পরে অনুষ্ঠিত হয় আলোচনা সভা ও স্মৃতিচারণ অনুষ্ঠান।

