সুপ্রভাত ঢাকা

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী
ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই: পরিবেশ প্রতিমন্ত্রী

বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় কথা বলেন বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

বন, পরিবেশ ও জলবায়ুবিষয়ক প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম বলেছেন, ভবিষ্যৎ প্রজন্মকে নিরাপদ বাংলাদেশ উপহার দিতে চাই। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশ অনুযায়ী বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে গড়তে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তাই ব্যক্তি স্বার্থের ঊর্ধ্বে থেকে সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীসহ সবস্তরের জনগণকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

বুধবার বেলা সাড়ে ১১টায় নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইন-শৃঙ্খলা ও উন্নয়ন কার্যক্রম তদারকি ও সমন্বয় বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে যা যা করা প্রয়োজন তাই করবে। সরকারের প্রতিশ্রুতি মোতাবেক ইতোমধ্যে কৃষিঋণ মওকুফ করা হয়েছে। এছাড়া খাল খনন, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, বৃক্ষরোপণ এবং ইমাম-মুয়াজ্জিনদের ভাতা প্রদানের লক্ষ্যে কাজ চলমান রয়েছে।

তিনি আরো বলেন, দেশের উন্নয়নের ধারা বজায় রাখতে নৈতিকভাবে জাগ্রত হয়ে দুর্নীতির ঊর্ধ্বে থেকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে। আমাদের প্রত্যেককে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের স্বার্থে কাজ করতে হবে। সবুজ বাংলাদেশ ও ক্লিন বাংলাদেশ গড়তে পরিবেশ দূষণ সৃষ্টিকারী পলিথিন ও প্লাস্টিক বর্জন করতে হবে। সচেতনতার মাধ্যমে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে হবে। অবৈধ ইটভাটা বন্ধসহ ভাটায় উর্বর মাটি ব্যবহার বন্ধ করতে হবে।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ আবদুল ছালামের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. মোস্তাফিজুর রহমান আলেক, পুলিশ সুপার মো. আল মামুন শিকদার, গণপূর্ত নড়াইলের নির্বাহী প্রকৌশলী মু. সরোয়ার হোসেইন, সিভিল সার্জন ডা. মো: আব্দুর রশিদ, লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা এস.এম মুস্তাফিজুর রহমান প্রমুখ।