সুপ্রভাত ঢাকা

ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি

ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি
ভাবমূর্তি রক্ষায় এএফএর বিরুদ্ধে আইনি পথে মেসি

আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সঙ্গে সব ধরনের ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছেন লিওনেল মেসি। সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়া ও কোষাধ্যক্ষ পাবলো তোভিগিনোরির ওপর অসন্তোষ থেকেই এমন সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক। এমন দাবি করেছেন সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি।

এএফএকে আইনি নোটিশও পাঠিয়েছেন মেসি বলে জানিয়েছেন ওই সাংবাদিক। তার দাবি, মেসির আইনজীবীরা নোটিশে সংস্থাটিকে আর্জেন্টাইন ফুটবলের স্বার্থসংশ্লিষ্ট নয় এমন বাণিজ্যিক কাজে তার ছবি ব্যবহার বন্ধ করতে বলেছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এ২৪.কমের এক প্রতিবেদনে মেসির অসন্তোষের পেছনে কয়েকটি কারণ তুলে ধরা হয়েছে।

এর মধ্যে অন্যতম বাণিজ্যিক স্বত্ব নিয়ে জটিলতা। মেসির ব্যক্তিগত স্পন্সর প্রতিষ্ঠান মিশেলবের সঙ্গে চুক্তি থাকা সত্ত্বেও আর্জেন্টিনার একটি বিয়ার প্রতিষ্ঠানের প্রচারে তার ছবি ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ রয়েছে। বিষয়টি মেসির অজান্তেই ঘটেছে বলে দাবি করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে আর্জেন্টিনার দুটি প্রীতি ম্যাচ আয়োজন নিয়েও বিরোধ তৈরি হয়েছে। আয়োজক প্রতিষ্ঠান ভিআইডি মিউজিক গ্রুপের অভিযোগ, চুক্তি অনুযায়ী প্রতিটি ম্যাচে মেসির অন্তত ৩০ মিনিট খেলার কথা থাকলেও সেই শর্ত পূরণ হয়নি। এ ঘটনায় এএফএ, মেসি ও হুলিয়ান মার্কোস কাপেলানের বিরুদ্ধে অভিযোগ করেছে প্রতিষ্ঠানটি। তবে এসব অভিযোগের সত্যতা এখনো নিশ্চিত হয়নি।

এ ছাড়া বেনিনের বিপক্ষে মেসির বিদায়ী ম্যাচের আয়োজন নিয়েও অসন্তুষ্টি ছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। মনুমেন্তাল স্টেডিয়ামে ওই ম্যাচ চলাকালে শব্দব্যবস্থার সমস্যা ও আয়োজনে বিভিন্ন ত্রুটি মেসির বিরক্তির কারণ হয়েছিল বলে দাবি করা হয়েছে।

অন্যদিকে, এএফএর আন্তর্জাতিক আয় এবং বিলাসবহুল ইয়ট-সংশ্লিষ্ট একটি প্রতিষ্ঠানে ১২ লাখ ৭০ হাজার ডলারের বেশি অর্থ স্থানান্তর নিয়েও প্রশ্ন উঠেছে।

এসব ঘটনা ঘিরেই তাপিয়া ও এএফএর সঙ্গে মেসির দূরত্ব তৈরি হয়েছে বলে দাবি করা হচ্ছে। তবে এ বিষয়ে মেসি বা এএফএর পক্ষ থেকে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।