বান্দরবানের নতুন জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পেয়েছেন বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের অতিরিক্ত পরিচালক মিজ্ নাজনীন সুলতানা। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২ শাখা থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা ওই প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস (প্রশাসন) ক্যাডারের বর্ণিত কর্মকর্তাকে বান্দরবান জেলায় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদে বদলি ও পদায়ন করা হলো। জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর একযোগে দেশের ৪ জেলায় নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট পদায়ন করেছিল সরকার। ওই জেলাগুলো হলো- টাঙ্গাইল, নীলফামারী, পটুয়াখালী ও পিরোজপুর। ওইদিন উপসচিব মুহাম্মদ মাহমুদ উল্লাহ মারুফের সই করা এক প্রজ্ঞাপনে এই ৪ জেলায় নতুন জেলা প্রশাসকদের পদায়নের বিষয়টি জানানো হয়েছিল।

