বাগেরহাটের প্রয়াত সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও বিএনপি নেতা আ স ম মোস্তাফিজুর রহমানের স্মরণে শহরের ঐতিহ্যবাহী মিঠাপুকুরে সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় আ স ম মোস্তাফিজুর রহমান স্মৃতি পরিষদের উদ্যোগে আয়োজিত প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা পরিষদের প্রশাসক শেখ মোহাম্মদ জাকির হোসেন।
প্রতিযোগিতায় শহরের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। অনূর্ধ্ব-১৪ ও উন্মুক্ত—দুটি বিভাগে ১০০ মিটার সাঁতার প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক বলেন, সুস্থ ও সুন্দর সমাজ গঠনে খেলাধুলার বিকল্প নেই। তরুণ প্রজন্মকে খেলাধুলায় উৎসাহিত করতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। প্রয়াত নেতার স্মৃতি ধরে রাখতে ভবিষ্যতেও এ আয়োজন অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন।
আয়োজকেরা জানান, প্রয়াত আ স ম মোস্তাফিজুর রহমানের স্মৃতি নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এবং তরুণদের খেলাধুলায় উৎসাহিত করতেই এ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় উপস্থিত ছিলেন বাগেরহাট কৃষক দলের আহ্বায়ক আসাফউদ্দৌলা জুয়েল, পৌর বিএনপির সাবেক সভাপতি এসকেন্দার হোসেন, জেলা যুবদলের সভাপতি মো. সুজন মোল্লা, সাবেক সভাপতি ফকির তরিকুল ইসলাম, বিএনপি নেতা মো. লিটু শরীফ, ছাত্রদল নেতা শেখ আরিফুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

