সুপ্রভাত ঢাকা

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ

বাগেরহাটে দশম শ্রেণির ছাত্রীকে বাল্যবিবাহের অভিযোগ
ফাইল ছবি

বাগেরহাটের কচুয়া উপজেলায় দশম শ্রেণির ১৫ বছর বয়সী এক স্কুলছাত্রীকে বাল্যবিবাহ দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় এলাকায় আলোচনা-সমালোচনা সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় ছয় মাস আগে স্কুলে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ওই শিক্ষার্থী। পরে গোপালপুর ইউনিয়নের ইমনের সঙ্গে তার সম্পর্কের বিষয়টি জানতে পারে পরিবার। সম্প্রতি ইমনের বাড়িতে বিয়ের আয়োজন করা হয়েছে বলে অভিযোগ ওঠে।

এদিকে বিয়ের আমন্ত্রণপত্র ও গায়ে হলুদের ভিডিও সামনে এসেছে। স্থানীয় কয়েকজন বাসিন্দাও অনুষ্ঠানে অংশ নেওয়ার কথা জানিয়েছেন। তবে ইমন বিয়ের বিষয়টি অস্বীকার করে দাবি করেছেন, তাঁর ভাইয়ের মেয়ের চুল কাটার অনুষ্ঠান হয়েছে।

জন্মনিবন্ধন অনুযায়ী, শিক্ষার্থীর জন্ম ২০১১ সালের ২ আগস্ট। সে হিসাবে গত ২০ নভেম্বর তার বয়স ছিল ১৫ বছর ৩ মাস। মেয়েটির বাবা ফিরোজুর রহমান অভিযোগ করেন, তাঁর অপ্রাপ্তবয়স্ক মেয়েকে বিয়ে দেওয়া হয়েছে। এ ঘটনায় তিনি অসহায়ত্ব প্রকাশ করে সংশ্লিষ্টদের কাছে প্রতিকার চেয়েছেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আতিকুর রহমান জানান, মেয়েটি দশম শ্রেণিতে পড়ে এবং প্রায় ছয় মাস আগে বাড়ি থেকে চলে যায়।

এ বিষয়ে কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমির সালমান রনি বলেন, বিষয়টি জানার পর ইউনিয়ন পরিষদের প্রশাসককে অবহিত করেছেন। দুই পরিবারের বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এদিকে, এ বিষয়ে বক্তব্য জানতে গোপালপুর ইউনিয়ন পরিষদের প্রশাসক সুদেব রায়কে একাধিকবার ফোন করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন বলেন, এ বিষয়ে এখনো তাঁদের কাছে কোনো লিখিত অভিযোগ আসেনি। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী, ১৮ বছরের কম বয়সী মেয়ের বিয়ে বাল্যবিবাহ হিসেবে গণ্য। এ ধরনের বিয়ে আয়োজন, সম্পাদন বা সহায়তার ক্ষেত্রেও আইনগত ব্যবস্থা নেওয়ার বিধান রয়েছে।