বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয়ে অগ্নিসংযোগ এবং মহাসড়কে গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে দুর্বৃত্তরা। এ ছাড়া জেলার বিভিন্ন স্থানে পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনাও ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দিবাগত গভীর রাতে বাগেরহাট সদর উপজেলার বারুইপাড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের কার্তিকদিয়া গ্রামের ঝাউতলায় অবস্থিত বিএনপির কার্যালয়ে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে কার্যালয়ের ভেতরে থাকা চেয়ার, টেবিল, ফ্যান, বিএনপি নেতাকর্মীদের ছবি ও অন্যান্য আসবাবপত্র পুড়ে যায়। এ সময় কার্যালয়ের দেয়ালে ‘জয় বাংলা লকডাউন’ লেখা দেখা যায়।
এদিকে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে খুলনা-বাগেরহাট মহাসড়কের শ্রীঘাট এলাকায় গাছ ফেলে যান চলাচল বন্ধের চেষ্টা করে দুর্বৃত্তরা। পরে পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে।
বাগেরহাট সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামরুজ্জামান শিমুল বলেন, রাতের অন্ধকারে দুর্বৃত্তরা বিএনপির কার্যালয়ে আগুন দিয়েছে। একই সঙ্গে শ্রীঘাট এলাকায় সড়কের ওপর গাছ ফেলে যান চলাচলে বাধা সৃষ্টির চেষ্টা করেছে। নেতাকর্মী, পুলিশ ও স্থানীয়দের প্রতিরোধের মুখে তারা পালিয়ে যায়। দুর্বৃত্তদের প্রতিরোধে বিএনপির নেতাকর্মীরা রাজপথে রয়েছেন বলেও জানান তিনি।
এদিকে বুধবার রাতে ফকিরহাট উপজেলার বাহিরদিয়া ইউনিয়নের সরকারি মহিলা কলেজসংলগ্ন এলাকায় বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের (মিল্কভিটা) চেয়ারম্যান আমির হামজা সাথিলের বাড়ি লক্ষ্য করে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। এর আগের দিন মঙ্গলবার (১৭ নভেম্বর) রাতে বাগেরহাট জেলা বিএনপির নেতা হাদিউজ্জামান হীরোর বাড়িতেও পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটে।
বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মোটরসাইকেলে করে কয়েকজন ব্যক্তি এসে ওয়ার্ড বিএনপির কার্যালয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। দুর্বৃত্তদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। ওই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে।
তিনি আরও বলেন, শ্রীঘাট এলাকায় সড়কে গাছ ফেলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে গাছ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে।

