দেশজুড়ে আলোচিত সপ্তম শ্রেণির শিক্ষার্থী ইশায়াত শাহরিয়ার অপ্রতিম হত্যা মামলার তদন্ত শেষ পর্যায়ে রয়েছে। দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে মামলাটির অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করা হবে বলে জানিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মো. আনিসুজ্জামান।
শনিবার (১৭ অক্টোবর) সন্ধ্যার দিকে কুমিল্লা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।
এসপি আনিসুজ্জামান বলেন, অপ্রতিম হত্যা মামলার তদন্ত প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সর্বোচ্চ আগামী দুই থেকে তিন দিনের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন বা চার্জশিট দাখিল করা হবে।
গত ১৮ সেপ্টেম্বর বিকালে কুমিল্লার কোটবাড়ি এলাকা থেকে নিখোঁজ হয় অপ্রতিম। সে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগম ও ব্যবসায়ী ফিরোজ শাহরিয়ারের একমাত্র সন্তান। ১৯ সেপ্টেম্বর লালমাই পাহাড়ঘেঁষা সানন্দা গ্রামের একটি ঝোপ থেকে অপ্রতিমের মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় গ্রেফতার চার আসামির মধ্যে তিনজন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

