ব্রিটিশ নাগরিক হিসেবে আফগানিস্তান প্রিমিয়ার লিগে খেলার জন্য সোমবার নিবন্ধন করেছেন মোহাম্মদ আমির। তারপরই গুঞ্জন উঠেছে, সাবেক অলরাউন্ডার আজহার মাহমুদের পথে হেঁটে আইপিএলেও নাম লেখাতে চলেছেন পাকিস্তানের সাবেক পেসার। বিষয়টি নিয়ে বেশিক্ষণ গুজব ছড়াতে দিলেন না তিনি।
এই বছর ব্রিটিশ নাগরিকত্ব পেয়েছেন আমির। গতকাল এপিএলে নাম নিবন্ধনের পর জল্পনা চলতে থাকে, আইপিএলে পাকিস্তানের খেলোয়াড় বা নাগরিকরা নিষিদ্ধ হওয়ায় ব্রিটিশ নাগরিক হিসেবে নাম নিবন্ধন করতে যাচ্ছেন তিনি। তবে এনিয়ে এক্স-এ একটি পোস্টে জল্পনার অবসান ঘটালেন, ‘সবাইকে হাই জানাচ্ছি, একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই। আইপিএল সংক্রান্ত যে খবরগুলো ছড়িয়েছে, সেটা সত্যি নয়।’
স্ত্রী নার্জিস খানের সুবাদে ব্রিটিশ নাগরিকত্ব পান আমির। এই বছরের শুরুতে বিদেশি খেলোয়াড় হিসেবে দ্য হান্ড্রেডের ড্রাফটে অবিক্রিত ছিলেন। তবে স্থানীয় খেলোয়াড় হিসেবে দল পান। ২০২৪ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপের পর আন্তর্জাতিক অবসর নেওয়া আমির ওই সময় বলেছিলেন, ‘আমি এখন স্থানীয় ব্রিটিশ। কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও দ্য হান্ড্রেডের মতো প্রতিযোগিতায় যখন স্থানীয় খেলোয়াড় হিসেবে খেলতে চান, তখন একটি চুক্তি করতে হয় যে আপনি স্থানীয় হিসেবে অন্য কোনো দেশের জন্য খেলতে পারবেন না। তাই আমার যে পাকিস্তান অধ্যায় ছিল, সেটা এখন শেষ।’
উল্লেখ্য যে, পাকিস্তানের সাবেক অলরাউন্ডার আজহার ২০১২ থেকে ২০১৫ সাল পর্যন্ত আইপিএলে খেলেছেন। আমিরের মতো তিনিও ব্রিটিশ নাগরিকত্ব পান। তারপর পাঞ্জাব কিংসের সঙ্গে চুক্তিবদ্ধ হন। পরে কলকাতা নাইট রাইডার্সের হয়েও কয়েকটি ম্যাচ খেলেন।

