নরসিংদীর মাধবদীতে অভিযান চালিয়ে মো. রহিবুল ইসলাম রহিম (২৫) নামে এক যুবককে উদ্ধার করেছে এসআরবি-১১। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তাররা হলেন— মাধবদীর ধুনদলপাড়া এলাকার আবুল কালাম (৩২) এবং সাইফুল ইসলাম (৩৭)।
এসআরবি-১১ সূত্রে জানা যায়, গত ২৭ সেপ্টেম্বর রাত ১১টার দিকে মো. রবিউল আলম একটি পিকআপ ভাড়া করে ঢাকার কামরাঙ্গীরচর থেকে নরসিংদীর মাধবদীর শেখেরচরের উদ্দেশে থ্রি-পিসের মালামাল নিয়ে রওনা হন। পথে পিকআপে থাকা মালামাল চুরি হয়ে গেলে গাড়িচালক মো. রকিবুল ইসলামকে এর জন্য দায়ী করা হয়। এ ঘটনায় ক্ষতিপূরণ হিসেবে তার কাছে ১ লাখ ২৩ হাজার টাকা দাবি করা হয়।
পরে বিষয়টি মীমাংসার জন্য রকিবুল ইসলামের ছোট ভাই রহিবুল ইসলাম রহিম মাধবদীর শেখেরচর পণ্ডিত বাজার এলাকায় গেলে তাকে জামিনদার হিসেবে আবুল কালামের বাড়িতে আটকে রাখা হয় বলে অভিযোগ।
অভিযোগ রয়েছে, সেখানে রহিমকে তিন দিন ধরে আবুল কালাম, সাইফুল ইসলামসহ আরও কয়েকজন বিভিন্নভাবে নির্যাতন করেন। একপর্যায়ে তাকে জীবিত মুক্ত দেওয়ার শর্তে তার ভাই রকিবুল ইসলামের মোবাইল ফোনে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়।
খবর পেয়ে এসআরবি-১১, সিপিএসসি, নরসিংদীর একটি দল গোয়েন্দা নজরদারি ও তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযুক্তদের অবস্থান শনাক্ত করে।
পরে ২ অক্টোবর বেলা ২টার দিকে মাধবদীর ভগীরথপুর এলাকায় আবুল কালামের বসতবাড়িতে অভিযান চালানো হয়। এ সময় ওই বাড়ি থেকে রহিবুল ইসলাম রহিমকে উদ্ধার করা হয়। একই সঙ্গে আবুল কালাম ও সাইফুল ইসলামকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে একটি পিকআপও উদ্ধার করা হয়েছে।
এসআরবি-১১-এর ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মো. আরিফুল ইসলাম জানান, উদ্ধার হওয়া ভিকটিম ও গ্রেপ্তার দুইজনকে মাধবদী থানায় হস্তান্তর করা হয়েছে।

