সুপ্রভাত ঢাকা

২৫ বিঘায় সুপারির সাম্রাজ্য, বদলে গেল নান্টুর জীবন

২৫ বিঘায় সুপারির সাম্রাজ্য, বদলে গেল নান্টুর জীবন
বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে ২৫ বিঘা জমিতে সুপারির বিশাল বাগান গড়ে তুলেছেন কে এ জামান নান্টু

প্রবাসে গড়ে তোলা ব্যবসা, সচ্ছল জীবন—সবকিছুই একসময় হারাতে হয়েছিল সড়ক দুর্ঘটনা ও নানা প্রতিকূলতায়। তবে দমে যাননি কে এ জামান নান্টু। হারানো স্বপ্ন নতুন করে গড়ার প্রত্যয়ে দেশের মাটিতেই শুরু করেন কৃষি উদ্যোগ। তাঁর চার বছরের নিরলস পরিশ্রমে বাগেরহাটের ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে ২৫ বিঘা জমিতে গড়ে উঠেছে সুপারির বিশাল বাগান। সারি সারি গাছ আর সবুজের সমারোহে বাগানটি এখন যেন এক সুপারির রাজ্য।

দীর্ঘদিন সৌদি আরবে প্রবাসজীবন কাটিয়েছেন নান্টু। সেখানে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তুলে সচ্ছলতাও অর্জন করেছিলেন। কিন্তু দেশে ফেরার পর সড়ক দুর্ঘটনার শিকার হন তিনি। শারীরিক অসুস্থতা ও ভিসা জটিলতায় আর সৌদিতে ফিরতে পারেননি। একপর্যায়ে হারাতে হয় সেখানে গড়ে তোলা ব্যবসা ও অর্জিত সম্পদ। এরপর পৈতৃক সূত্রে পাওয়া জমিতে সুপারি চাষের মাধ্যমে নতুন করে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখেন তিনি।

টানা চার বছরের পরিশ্রমে গড়ে তোলা বাগানে বর্তমানে পুরোনো ও নতুন মিলিয়ে প্রায় ২৫ হাজার সুপারি গাছ রয়েছে। পাশাপাশি আরও ১৫ হাজার চারা রোপণের কাজ চলছে। এখন বাগানে সুপারি সংগ্রহের ব্যস্ত মৌসুম। প্রতিদিন শ্রমিকেরা গাছ থেকে সুপারি পেড়ে কাঁধি ছাড়ানো, বাছাই ও বস্তাবন্দি করে ফকিরহাট বাজারে নিয়ে যাচ্ছেন। আকার ও মানভেদে প্রতি কুড়ি সুপারি বিক্রি হচ্ছে ৫০০ থেকে ১ হাজার টাকায়। এক কুড়িতে রয়েছে ২৬৪টি সুপারি।

সপ্তাহে বাগান থেকে প্রায় ২০০ কুড়ি সুপারি সংগ্রহ করা হয়। ভালো মানের সুপারি সরাসরি বাজারে বিক্রি করা হলেও বাকিগুলো রোদে শুকিয়ে সংরক্ষণ করা হচ্ছে। সুপারি সংগ্রহ ও প্রক্রিয়াজাতকরণে প্রতিদিন পাঁচ থেকে ছয়জন এবং বাগান পরিচর্যায় আরও চার থেকে পাঁচজন শ্রমিক কাজ করেন। সব মিলিয়ে প্রায় ১০ জনের কর্মসংস্থান হয়েছে এখানে। প্রত্যেক শ্রমিক দৈনিক মজুরি পান ৬০০ টাকা।

বাগানের উৎপাদন বাড়াতে সারা বছরই চলে পরিচর্যা। অক্টোবর ও নভেম্বর মাসে গাছের গোড়া পরিষ্কার, মাটি কুপিয়ে দেওয়া এবং প্রয়োজনীয় সার প্রয়োগ করা হয়। পাশাপাশি চৈত্র-বৈশাখ মাসে গাছের প্রয়োজন অনুযায়ী সেচ দেওয়া হয়। নিয়মিত পরিচর্যা ও পরিকল্পিত ব্যবস্থাপনার ফলে বেড়েছে বাগানের উৎপাদন ও আয়।

নান্টুর ভাষ্য অনুযায়ী, দুই বছর আগেও বাগান থেকে বছরে আয় হতো প্রায় এক লাখ টাকা। বর্তমানে বছরে প্রায় ২০ লাখ টাকার সুপারি বিক্রি হচ্ছে। আগামী দুই বছরের মধ্যে সব গাছে পূর্ণাঙ্গ ফলন এলে বছরে প্রায় কোটি টাকার সুপারি বিক্রির আশা করছেন তিনি।

শুধু সুপারি চাষ নয়, বাগানটিকে বহুমুখী কৃষি খামার হিসেবেও গড়ে তুলেছেন নান্টু। সুপারি গাছের ফাঁকা জায়গায় বাণিজ্যিকভাবে চাষ করছেন সাগর ও অগ্নিশ্বর জাতের কলা। রয়েছে কয়েকটি পুকুর, যেখানে চাষ হচ্ছে গলদা চিংড়ি, রুই ও কাতলা মাছ। পাশাপাশি আম, জাম, কাঁঠাল, লেবু ও নারকেলসহ বিভিন্ন ফলজ গাছও রয়েছে।

প্রবাসে হারানো স্বপ্ন দেশের মাটিতে নতুন করে গড়ে তোলার এই উদ্যোগ এখন স্থানীয়দের কাছেও অনুপ্রেরণা। নান্টুর ২৫ বিঘার সুপারির বাগান শুধু একটি কৃষি প্রকল্প নয়, বরং পরিশ্রম, পরিকল্পনা ও আত্মবিশ্বাসের এক জীবন্ত উদাহরণ। প্রতিকূলতা পেরিয়েও যে নতুন করে স্বপ্ন দেখা যায়, মূলঘরের এই সুপারির রাজ্য যেন সেই গল্পই শোনাচ্ছে।