সুপ্রভাত ঢাকা

২৪ ঘণ্টায় বিজিবির চার অভিযানে মাদকসহ অবৈধ পণ্য জব্দ

২৪ ঘণ্টায় বিজিবির চার অভিযানে মাদকসহ অবৈধ পণ্য জব্দ
২৪ ঘণ্টায় বিজিবির চার অভিযানে মাদকসহ অবৈধ পণ্য জব্দ

হবিগঞ্জের সীমান্ত এলাকায় গত ২৪ ঘণ্টায় পৃথক চারটি বিশেষ অভিযান চালিয়ে ৪৫ লাখ ৪০ হাজার ২৫০ টাকা মূল্যের অবৈধ পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দ করা পণ্যের মধ্যে রয়েছে ৩০ কেজি ভারতীয় গাঁজা, ২৯ বোতল ভারতীয় বিয়ার, অবৈধ কম্বল ও মেহেদি।

মঙ্গলবার (১০ নভেম্বর) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) এসব অভিযান পরিচালনা করে। আজ বুধবার (১১ নভেম্বর) সন্ধ্যায় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।

বিজিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে চুনারুঘাট উপজেলার বাজার টিলা এলাকায় অভিযান চালায় সাতছড়ি বিওপির একটি টহল দল। এ সময় ৩০ কেজি ভারতীয় গাঁজা ও এক বোতল বিয়ার জব্দ করা হয়।

একই দিনে মাধবপুর উপজেলার বান্ডুরুয়া এলাকায় অভিযান চালিয়ে আরও ২৮ বোতল ভারতীয় বিয়ার জব্দ করে তেলিয়াপাড়া বিওপির টহল দল।

এ ছাড়া মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর ও চন্ডিছড়া মাজার এলাকায় পৃথক দুটি অভিযান চালিয়ে ভারতীয় কম্বল ও মেহেদি জব্দ করা হয়। এসব পণ্যের সিজার মূল্য ৪৪ লাখ ২৮ হাজার টাকা।

বিজিবি জানায়, জব্দ করা মাদকদ্রব্য ও অবৈধ পণ্য আইনানুগ প্রক্রিয়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ও কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানজিলুর রহমান জানান, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালানি পণ্যের অনুপ্রবেশ রোধে নিয়মিত টহল, গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলবে।