সুপ্রভাত ঢাকা

১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান

১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান
১৪ বছর বয়সেই জেনেছিলাম মা হতে পারব না: শ্রুতি হাসান

ভারতীয় অভিনেত্রী ও গায়িকা শ্রুতি হাসান। তামিল, তেলেগু ও হিন্দি চলচ্চিত্রে অভিনয়ের পাশাপাশি গানেও পরিচিতি পেয়েছেন তিনি। প্রখ্যাত অভিনেতা কমল হাসান ও অভিনেত্রী সারিকার এই বড় মেয়ে চলতি বছরের জানুয়ারিতে ৪০ বছরে পা দিয়েছেন।

সম্প্রতি অভিনেত্রী সোহা আলি খানের পডকাস্টে মুখোমুখি হয়েছিলেন শ্রুতি। সেখানেই খোলামেলা কথা বলেছেন নিজের স্বাস্থ্য, গর্ভধারণ ও মাতৃত্ব নিয়ে।

পডকাস্টে শ্রুতি জানান, মাত্র ১৪ বছর বয়স থেকেই পলিসিস্টিক ওভারি সিন্ড্রোমে (পিসিওএস) ভুগছেন তিনি। এ কারণে ভবিষ্যতে স্বাভাবিকভাবে মা হতে পারবেন কি না, তা নিয়ে কিশোরী বয়স থেকেই দুশ্চিন্তায় ছিলেন।

শ্রুতি বলেন, পিসিওএসের কারণে প্রাকৃতিকভাবে সন্তান ধারণ করা তার জন্য কঠিন হতে পারে বলে তাকে দীর্ঘদিন ধরে জানানো হয়েছে। একপর্যায়ে তিনি ধরে নিয়েছিলেন, হয়তো কখনোই জৈবিক সন্তানের মা হতে পারবেন না। এমনকি ভবিষ্যতে সন্তান দত্তক নেওয়ার মানসিক প্রস্তুতিও নিয়েছিলেন।

নিজের সেই আশঙ্কার কথা বলতে গিয়ে শ্রুতি বলেন, ‘আমাকে সবসময় বলা হয়েছে, পিসিওএস থাকলে মা হওয়ার আশা ছেড়ে দিতে। আমি তো ভেবেছিলাম চিকিৎসকের কাছে গেলে হয়তো শুনব, সন্তান হওয়ার সব পথ বন্ধ হয়ে গেছে।’

তবে বয়স বাড়ার সঙ্গে সঙ্গে মাতৃত্ব নিয়ে তার সেই ধারণায় পরিবর্তন এসেছে। শ্রুতি জানান, এখন তিনি নতুন করে মা হওয়ার সম্ভাবনা নিয়ে আশাবাদী। চার দশকের কাছাকাছি বয়সে এসে সন্তান ধারণের বিষয়ে চিকিৎসকদের পরামর্শও নিচ্ছেন তিনি।

পিসিওএস থাকলে গর্ভধারণের ক্ষেত্রে কী ধরনের সমস্যা হতে পারে, সে বিষয়েও পডকাস্টে কথা বলেন দেশটির বন্ধ্যাত্ব ও আইভিএফ বিশেষজ্ঞ ড. রিচিকা সহায় শুক্লা। তিনি জানান, পিসিওএসের কারণে অনেকের ডিম্বস্ফোটনে সমস্যা হতে পারে। এতে গর্ভধারণে কিছুটা জটিলতা তৈরি হতে পারে। তবে পিসিওএস থাকা মানেই মা হওয়া অসম্ভব, এমনটা নয়।

বিশেষজ্ঞের মতে, প্রয়োজন অনুযায়ী চিকিৎসা, নিয়মিত পর্যবেক্ষণ ও উপযুক্ত ব্যবস্থাপনার মাধ্যমে পিসিওএস থাকা অনেক নারী গর্ভধারণ করতে পারেন।