রাজশাহীর বাঘায় ভেজাল আখের গুড় উৎপাদনের দায়ে মো. নাসির সরকার নামে এক ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় উৎপাদিত ভেজাল গুড় ও গুড় তৈরির সরঞ্জাম বিনষ্ট করা হয়।
রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার বাউসা ইউনিয়নের পীরগাছা এলাকায় উপজেলা প্রশাসন এ অভিযান পরিচালনা করে। অভিযানে ভেজাল গুড় উৎপাদনের প্রমাণ পাওয়ায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহান অন্যন্যা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪১ ধারায় নাসির সরকারকে ১ লাখ টাকা জরিমানা করেন। জরিমানার অর্থ তাৎক্ষণিক আদায় করা হয়।
অভিযানে বাঘা থানা পুলিশ সহযোগিতা করে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট নুসরাত জাহান অন্যন্যা বলেন, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে ভেজালবিরোধী অভিযান অব্যাহত থাকবে। খাদ্যে ভেজাল মেশানো ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদনের সঙ্গে জড়িতদের কোনো ছাড় দেওয়া হবে না।

