পাবনায় পূর্ণাঙ্গ সরকারি কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার উদ্যোগ আরও একধাপ এগিয়েছে। জেলার আটঘরিয়া কৃষি মহাবিদ্যালয়কে কৃষি বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সম্ভাব্যতা যাচাই করতে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনকে (ইউজিসি) নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। গত ৩০ সেপ্টেম্বর মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সরকারি সাধারণ বিশ্ববিদ্যালয় শাখা থেকে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়।
চিঠিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আইনগত ও প্রশাসনিক সম্ভাব্যতা যাচাই করে সুনির্দিষ্ট মতামতসহ প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, পাবনা-৫ আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাসের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে এ উদ্যোগ নেওয়া হয়েছে। নির্বাচিত হওয়ার পর তিনি বিষয়টি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কার্যালয়, শিক্ষা মন্ত্রণালয়সহ সংশ্লিষ্ট দপ্তরে যোগাযোগ অব্যাহত রাখেন।
শামসুর রহমান শিমুল বিশ্বাস বলেন, পাবনাবাসীর দীর্ঘদিনের স্বপ্ন একটি আধুনিক কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা। নির্বাচনের সময় দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নে তিনি কাজ করছেন। মন্ত্রণালয়ের এ নির্দেশনা সেই প্রচেষ্টার গুরুত্বপূর্ণ অগ্রগতি। বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় তিনি সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাবেন।
কৃষিপ্রধান পাবনায় পেঁয়াজ, ধান, গম, সবজি, ডাল ও দুগ্ধজাত পণ্যের ব্যাপক উৎপাদন হয়। স্থানীয়দের মতে, এখানে কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হলে কৃষি গবেষণা, আধুনিক প্রযুক্তির প্রসার ও দক্ষ কৃষিবিদ তৈরির সুযোগ বাড়বে। পাশাপাশি আঞ্চলিক কৃষি অর্থনীতিতেও ইতিবাচক প্রভাব পড়তে পারে।
কৃষিবিদ জাফর সাদেক বলেন, ১৯৮০ সাল থেকেই পাবনায় কৃষি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার চেষ্টা চলছে। দীর্ঘদিন পর এ উদ্যোগে অগ্রগতি দেখা যাওয়ায় এটি জেলার জন্য সুখবর। বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হলে শিক্ষা ও গবেষণার পাশাপাশি কৃষি অর্থনীতিও উপকৃত হবে।
তিনি ইউজিসির সম্ভাব্যতা যাচাই দ্রুত সম্পন্ন করে জমি অধিগ্রহণ ও আইন প্রণয়নের কাজ এগিয়ে নেওয়ার আহ্বান জানান।

