বাংলাদেশ-ভারতের পানি বণ্টনসংক্রান্ত সমস্যাগুলো আলোচনা, সংলাপ ও কূটনীতির মাধ্যমে সমাধান করতে হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির। তিনি বলেছেন, এ সমস্যা সমাধানে আন্তর্জাতিক আইনের প্রাসঙ্গিক নীতিমালা বিবেচনায় নিতে হবে। বর্তমানে আমরা এ অবস্থানে রয়েছি।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর মিলনায়তনে ‘পানির ভবিষ্যৎ নিয়ে পুনর্বিবেচনা : যুব নেতৃত্ব, ন্যায়বিচার ও সহযোগিতা’ শীর্ষক সেমিনারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
আন্তঃসীমান্ত নদী ও গঙ্গা পানি বণ্টন চুক্তির ভবিষ্যৎ নিয়ে প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে আলোচনা অব্যাহত রয়েছে। একইসঙ্গে আঞ্চলিক সহযোগিতা আরও জোরদার করা প্রয়োজন। দুই দেশের সব পর্যায়ে আন্তরিকতা ও সহযোগিতার মানসিকতা থাকলে এ বিষয়ে বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সমাধানে পৌঁছানো সম্ভব।
তিনি বলেন, জ্যেষ্ঠ কর্মকর্তা, নেতৃত্ব এবং উভয় দেশের পানি আলোচনায় নিয়োজিত প্রতিনিধিদের মধ্যে যদি দুই দেশের মধ্যে আন্তরিকতা থাকে তাহলে আমরা অবশ্যই এ বিষয়ে একটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব। বাংলাদেশ এ সংক্রান্ত বিষয়গুলো পর্যালোচনার জন্য একটি কমিটি গঠন করেছে। ভারতীয় পক্ষও তাদের নিজস্ব ব্যবস্থাপনার মাধ্যমে বিষয়গুলো পর্যালোচনা করছে।
দুই দেশের নেতৃত্ব সহযোগিতার মাধ্যমে এগিয়ে যাওয়ার রাজনৈতিক সদিচ্ছা প্রদর্শন করলে অগ্রগতি সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। বলেন, ‘নেতৃত্ব যদি এগিয়ে এসে সহযোগিতা করার মানসিকতা ধারণ করে, তাহলে আমরা অবশ্যই একটি বন্ধুত্বপূর্ণ ও ইতিবাচক সমাধানে পৌঁছাতে পারব।’
বাংলাদেশ-ভারতে ৫৪টি আন্তঃসীমান্ত নদী রয়েছে। ফলে পানি ব্যবস্থাপনা ও ন্যায্য পানি বণ্টন দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ বিষয়। অভিন্ন নদীগুলোর বিষয় নিয়ে আলোচনার প্রধান দ্বিপক্ষীয় প্রক্রিয়া হিসেবে যৌথ নদী কমিশন (জেআরসি) কাজ করছে।

