চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ার নিয়ে গুরুত্বপূর্ণ রায় দিয়েছেন হাইকোর্ট। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৫ লাখ টাকা পর্যন্ত চেক ডিজঅনার মামলার বিচার করবেন ম্যাজিস্ট্রেট আদালত। আর ৫ লাখ টাকার বেশি অঙ্কের চেক ডিজঅনার মামলার বিচার হবে যুগ্ম জেলা জজ আদালতে।
বিচারপতি কে এম জাহিদ সারোয়ারের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
গত ১০ এপ্রিল নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (সংশোধন) আইন, ২০২৬ অনুযায়ী চেক ডিজঅনার মামলার বিচারিক এখতিয়ারে পরিবর্তন এনে গেজেট প্রকাশ করে সরকার। তবে গেজেটে নির্ধারিত এই বিধান যথাযথভাবে অনুসরণ করা হচ্ছিল না। এ পরিস্থিতিতে বিচারিক এখতিয়ারের বিষয়টি বাধ্যতামূলক করে দিয়েছেন হাইকোর্ট।
এ বিষয়ে রিটকারী আইনজীবী মাহমুদুল আরেফিন (স্বপন) জানান, আদালতে মামলার জট কমানো এবং বিচারপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করাই আইন সংশোধনের মূল উদ্দেশ্য।
তিনি বলেন, আগে চেক ডিজঅনারের প্রায় সব মামলা দায়রা জজ বা যুগ্ম দায়রা জজ আদালতে পরিচালিত হওয়ায় উচ্চতর আদালতগুলোতে মামলার চাপ বাড়ছিল। নতুন বিধান কার্যকর হলে তুলনামূলক কম অঙ্কের চেক ডিজঅনার মামলাগুলো ম্যাজিস্ট্রেট আদালতেই নিষ্পত্তি হবে। এতে উচ্চতর আদালতের ওপর চাপ কমার পাশাপাশি মামলার বিচার ও রায় প্রদানের প্রক্রিয়াও দ্রুততর হবে বলে আশা করা হচ্ছে।
হাইকোর্টের এ রায়ের ফলে চেক ডিজঅনার মামলার বিচারিক কার্যক্রমে নির্ধারিত আর্থিক সীমা অনুযায়ী আদালতের এখতিয়ার অনুসরণের বিষয়টি আরও স্পষ্ট হলো।

