সাতক্ষীরার দেবহাটায় নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা পর্যায়ের সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিলন সাহা।
উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মহিতোষ কর্মকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা জামায়াতের আমির মাওলানা অলিউল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য শহিদুল ইসলাম, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, উপজেলা শিক্ষা কর্মকর্তা সাইফুল ইসলাম, উপজেলা একাডেমিক সুপারভাইজার মিজানুর রহমান ও শিক্ষক আব্দুল আজিজ।
অনুষ্ঠানে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেওয়া হয়। বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের প্রতিভা বিকাশের পাশাপাশি দেশীয় সংস্কৃতির প্রতি আগ্রহ বাড়ে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

