সুপ্রভাত ঢাকা

চিংড়ি চাষে সাশ্রয়ী বিদ্যুতের দাবি, দুই সচিবের সঙ্গে মুকুলের আলোচনা

চিংড়ি চাষে সাশ্রয়ী বিদ্যুতের দাবি, দুই সচিবের সঙ্গে মুকুলের আলোচনা
চিংড়ি চাষে সাশ্রয়ী বিদ্যুতের দাবি, দুই সচিবের সঙ্গে মুকুলের আলোচনা

বাগেরহাটের চিংড়ি চাষিদের সহজ শর্তে বিদ্যুৎ সংযোগ ও সাশ্রয়ী মূল্যে বিদ্যুৎ সরবরাহের দাবি সরকারের নীতিনির্ধারণী পর্যায়ে তুলে ধরেছেন কানাডা বিএনপির সহ-সভাপতি সৈয়দ আমিনুল ইসলাম মুকুল।

রোববার (২২ নভেম্বর) বিকেলে জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. জিয়াউল হক এবং বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখের সঙ্গে সাক্ষাৎ করে এ বিষয়ে আলোচনা করেন তিনি। দুই সচিব বিষয়টি নীতিনির্ধারণী পর্যায়ের সভায় উপস্থাপনের আশ্বাস দেন।

এর আগে ফকিরহাটে নিজ গ্রামের বাড়িতে স্থানীয় চিংড়ি চাষিদের সঙ্গে মতবিনিময় করেন মুকুল। এ সময় চাষিরা বিদ্যুতের উচ্চমূল্য, সংযোগ পেতে জটিলতা, রেনুপোনার সংকট, খাদ্যের বাড়তি দাম ও জলাবদ্ধতাসহ বিভিন্ন সমস্যার কথা তুলে ধরেন।

আলোচনায় মুঠোফোনে যুক্ত ছিলেন মৎস্য মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন। তিনি মৎস্য খাতে বাগেরহাটের অবদানের প্রশংসা করেন এবং সরকারের বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন।

চাষিদের দাবি, ভেনামিসহ আধুনিক পদ্ধতিতে চিংড়ি চাষে এয়ারেটর ও পানির পাম্প চালাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ প্রয়োজন। কিন্তু উচ্চ বিদ্যুৎ বিল ও সংযোগের ব্যয় উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে।

চাষিদের অভিযোগ, বিদ্যুৎ সংযোগ না থাকলে জেনারেটরের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করতে হয়, যা অত্যন্ত ব্যয়বহুল। ফলে অনেক উদ্যোক্তা দূরদূরান্ত থেকে বৈদ্যুতিক খুঁটি ও তার টেনে বিপুল অর্থ ব্যয় করে সংযোগ নিতে বাধ্য হচ্ছেন। এরপরও তাঁদের গুনতে হচ্ছে তুলনামূলক বেশি বিদ্যুৎ বিল।

চাষিদের দেওয়া তথ্য অনুযায়ী, শিল্প সংযোগে প্রতি ইউনিট বিদ্যুতের দাম ১২ টাকা ৭৩ পয়সা। অথচ আবাসিক সংযোগের প্রথম স্লাবে এ দাম ৪ টাকা ৭৩ পয়সা। তাই চিংড়ি চাষে বিশেষ বিদ্যুৎ সুবিধা ও প্রণোদনার দাবি জানিয়েছেন তাঁরা।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বর্তমানে চিংড়ি চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার ক্রমেই বাড়ছে। বিশেষ করে ভেনামি চিংড়ি চাষে তুলনামূলক বেশি উৎপাদনের সম্ভাবনা রয়েছে। প্রচলিত গলদা ও বাগদা চাষের তুলনায় ভেনামি চিংড়ি চাষে প্রতি একরে প্রায় ১ হাজার ২০০ কেজি পর্যন্ত উৎপাদনের সম্ভাবনার কথা জানাচ্ছেন সংশ্লিষ্টরা। আন্তর্জাতিক বাজারে চাহিদা, তুলনামূলক বেশি বাজারমূল্য এবং কম সময়ে উৎপাদনের সুযোগ থাকায় এ চাষে আগ্রহী হচ্ছেন অনেক উদ্যোক্তা।

তবে ইন্টেনসিভ ও সেমি-ইন্টেনসিভ পদ্ধতিতে অধিক ঘনত্বে চিংড়ি চাষের জন্য সার্বক্ষণিক বিদ্যুৎ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। পানিতে পর্যাপ্ত অক্সিজেন বজায় রাখতে নিয়মিত এয়ারেটর চালানো, ঘেরের পানি ওঠানো-নামানোর জন্য সাবমার্সিবল পাম্প ব্যবহার এবং রাতে নিরাপত্তা ও নজরদারির জন্য ঘেরের চারপাশে আলোর ব্যবস্থা করতে হয়। এসব কার্যক্রম পরিচালনায় নিরবচ্ছিন্ন বিদ্যুতের বিকল্প নেই।

এ সময় সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এলিজা জামান ও দৈনিক খোলা বাজারের সম্পাদক মো. জহিরুল ইসলাম কলিমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

সংশ্লিষ্টদের মতে, চিংড়ি চাষে সাশ্রয়ী ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ নিশ্চিত করা গেলে উৎপাদন ব্যয় কমার পাশাপাশি রপ্তানি আয় ও কর্মসংস্থান বাড়ার সম্ভাবনা রয়েছে।