ইসরায়েলে নতুন সরকার গঠনের লড়াইয়ে প্রথম জোটসঙ্গী পেয়েছেন সাবেক সেনাপ্রধান ও বিরোধী নেতা গাদি আইজেনকোট। তার নেতৃত্বাধীন ইয়াশার পার্টি ডানপন্থি বিরোধী দল ইসরায়েল আওয়ার হোমের সঙ্গে জোট গঠনের চুক্তি করেছে। দলটির প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে এই সমঝোতার মধ্য দিয়ে সরকার গঠনের পথে এক ধাপ এগোলেন আইজেনকোট।
তবে পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা পেতে এখনো আরও কয়েকটি দলের সমর্থন প্রয়োজন সাবেক এই ইসরায়েলি সেনাপ্রধানের। এদিকে নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গেও জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা চলছে। ফলে ইসরায়েলের ক্ষমতার সমীকরণে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
সংবাদমাধ্যম এনডিটিভি বলছে, ইয়াশার পার্টি জানিয়েছে, দলটির নেতা ও সাবেক সেনাপ্রধান আইজেনকোট মঙ্গলবার (২৪ নভেম্বর) ইসরায়েল আওয়ার হোমের প্রধান আভিগদর লিবারম্যানের সঙ্গে বৈঠক করেন। পরে তারা জোট গঠনের বিষয়ে একমত হন। গত অক্টোবরের নির্বাচনের পর সরকার গঠনের লক্ষ্যে এটিই প্রথম কোনো জোটসংক্রান্ত চুক্তি।
মূলত গত ২৭ অক্টোবরের নির্বাচনে কোনো দলই পার্লামেন্টে এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ৬১টি আসন পায়নি। ফলে ১০ নভেম্বর নতুন সরকার ছাড়াই ইসরায়েলের পার্লামেন্টের শপথ অনুষ্ঠান হয়। এতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সংখ্যাগরিষ্ঠতা হারান। তবে তার বিরোধীরাও সরকার গঠনের জন্য প্রয়োজনীয় আসন নিশ্চিত করতে পারেননি।
এমন অবস্থায় সকল দলের সঙ্গে আলোচনার পর নতুন সরকার গঠনের দায়িত্ব আইজেনকোটের হাতে দিয়েছেন ইসরায়েলের প্রেসিডেন্ট আইজ্যাক হারজগ। এদিকে নেতানিয়াহু তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।
ইসরায়েলের নিয়ম অনুযায়ী, সরকার গঠনের জন্য আইজেনকোট ২৮ দিন সময় পেয়েছেন। আগামী ৬ ডিসেম্বরের মধ্যে তাকে সরকার গঠন করতে হবে। তবে চাইলে তিনি আরও ১৪ দিন সময় বাড়ানোর আবেদন করতে পারবেন।
নির্ধারিত সময়ের মধ্যে আইজেনকোট সরকার গঠনে ব্যর্থ হলে নেতানিয়াহুকে সেই সুযোগ দেয়া হবে। এরপরও কেউ জোট সরকার গঠন করতে না পারলে আগামী বছর আবারও নির্বাচন অনুষ্ঠিত হবে।
সংবাদমাধ্যম বলছে, নেতানিয়াহুর ডানপন্থি লিকুদ পার্টি উগ্র ডানপন্থি ও কট্টর অর্থোডক্স দলগুলোর সঙ্গে জোট বেঁধে নির্বাচনে প্রত্যাশার চেয়ে ভালো ফল করেছিল। তবে তা সত্ত্বেও পার্লামেন্টে সংখ্যাগরিষ্ঠতা ধরে রাখতে পারেনি তারা। ইসরায়েলের ১২০ আসনের পার্লামেন্টে বর্তমানে এই জোটের আসনসংখ্যা ৫৩।
অন্যদিকে আইজেনকোটের মধ্য-ডানপন্থি ইয়াশার পার্টি এবং লিবারম্যানসহ তার সম্ভাব্য জোটসঙ্গীদের আসনসংখ্যা ৪৮। তবে ইসরায়েলের আরব সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দলগুলোর সমর্থন পাওয়ার সুযোগ রয়েছে তাদের। এসব দলের হাতে রয়েছে ১৯টি আসন। নেতানিয়াহুর বিরোধিতার প্রশ্নে দলগুলোর সঙ্গে আইজেনকোটের অবস্থানের মিল রয়েছে।
আইজেনকোটের দল নির্বাচনে ২১টি আসন পেয়েছে। অন্যদিকে লিবারম্যানের দল পেয়েছে সাতটি। তাদের মধ্যে জোট চুক্তি হওয়াটা কিছুটা বিস্ময়কর। কারণ আরব দলগুলোর সমর্থন নিয়ে সরকার গঠনের বিরোধিতা করে আসছিলেন লিবারম্যান। নেতানিয়াহুর সঙ্গে জাতীয় ঐক্যের সরকার গঠনেরও বিরোধী ছিলেন তিনি।
লিবারম্যান এর আগে বলেছেন, তার প্রধান লক্ষ্য নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরানো।
এদিকে আইজেনকোট, তার ‘পরিবর্তনপন্থি জোটের’ কয়েকজন শরিক এবং লিকুদ পার্টির মধ্যে জাতীয় ঐক্যের সরকার গঠনের বিষয়ে আলোচনা চলছে।
বামপন্থি ডেমোক্র্যাটস পার্টি জানিয়েছে, তারা আপাতত আইজেনকোটের সঙ্গে আলোচনা স্থগিত করেছে। নেতানিয়াহুর লিকুদ পার্টির সঙ্গে আইজেনকোটের সম্ভাব্য জাতীয় ঐক্যের সরকার গঠনের আলোচনা এগিয়ে যাওয়ায় এবং ‘পরিবর্তনপন্থি সরকার’ গঠনের আলোচনা অচলাবস্থায় পড়ায় তারা এ সিদ্ধান্ত নিয়েছে।
ডেমোক্র্যাটস পার্টি নির্বাচনে আটটি আসন পেয়েছে। দলটির প্রধান ইয়ার গোলান বলেছেন, তিনি নেতানিয়াহুকে বাদ দিয়ে আরব দলগুলোকে নিয়ে সরকার গঠনের পক্ষে।

