হোয়াইট হাউসে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শীর্ষ নির্বাহীদের সঙ্গে বৈঠকে গুগলের সিইও সুন্দর পিচাইকে ‘মনস্টার’ বা ‘দানব’ বলে অভিহিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
মঙ্গলবার বৈঠকে পিচাই, মেটার সিইও মার্ক জাকারবার্গ ও অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেইসহ প্রযুক্তি খাতের শীর্ষ কর্মকর্তারা অংশ নেন। বৈঠকে উন্নত এআই ব্যবস্থার নিরাপত্তা ও তদারকি জোরদারে একটি স্বেচ্ছামূলক কাঠামো নিয়ে আলোচনা হয়।
হোয়াইট হাউসের ওয়েস্ট উইংয়ের বাইরে পিচাইকে পরিচয় করিয়ে দেওয়ার সময় ট্রাম্প বলেন, ‘এই লোকটি একজন দানব, কিন্তু এটা কেউ জানে না।’ তাঁর বক্তব্যের প্রেক্ষাপট থেকে বোঝা যায়, পিচাইয়ের প্রযুক্তি খাতে প্রভাব ও সাফল্যের প্রশংসা করেই তিনি মন্তব্যটি করেন।
আলোচিত কাঠামোর আওতায় এআই কোম্পানিগুলো অভ্যন্তরীণ পর্যালোচনার পাশাপাশি বাইরের স্বাধীন মূল্যায়ন ও পরিচালনা পর্ষদের মাধ্যমে নজরদারি জোরদার করবে। জাকারবার্গ জানান, এআই ব্যবস্থার ঝুঁকি শনাক্ত ও নিয়ন্ত্রণে একাধিক স্তরের পর্যালোচনা থাকবে।
অ্যানথ্রপিকের সিইও দারিও আমোদেই বলেন, এআই প্রযুক্তির বাস্তব ঝুঁকি রয়েছে এবং সেগুলো মোকাবিলার কার্যকর পদ্ধতি নিয়ে এখনো আলোচনা চলছে।

