সান্তিয়াগো বার্নাব্যুতে সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের কাছে ৪-১ গোলে হেরে যাওয়ার পর রেফারির ম্যাচ পরিচালনার তীব্র সমালোচনা করেছেন সেভিয়া কোচ লুইস গার্সিয়া। তার খেলোয়াড় পেকে ফার্নান্দেজকে কনুই দিয়ে আঘাত করেও রিয়ালের আরদা গুলারকে লাল কার্ড না দেওয়ায় আপত্তি জানালেন তিনি। তার মতে, এই সিদ্ধান্ত কিছুটা হলেও সেভিয়াকে সুবিধাজনক অবস্থানে থেকে খেলার সুযোগ নষ্ট করে দিয়েছে।
কাতালান সংবাদপত্র স্পোর্ট গার্সিয়ার মন্তব্যগুলো প্রকাশ করেছে। তাতে ভিএআরের ব্যর্থতা নিয়ে স্পষ্ট ক্ষোভ ছিল। ‘একটি কনুই ও তাতে সব শেষ’ এমন শিরোনাম নিয়ে জানতে চাইলে গার্সিয়া বললেন, ‘আমি আশা করব শুধু সেভিয়ার ওয়েবসাইট নয়, আপনারা সবাই একই শিরোনাম ব্যবহার করবেন। আমাদের ভিন্ন একটি ম্যাচ খেলার সুযোগ থেকে বঞ্চিত করেছে রেফারি।’
রেফারির বিতর্কিত সিদ্ধান্ত, রিয়ালের গুলারকে কি লাল কার্ড দেওয়া উচিত ছিল?
তিনি যোগ করেন, ‘লা লিগায় কখনও কখনও আপনি সংখ্যাগত সুবিধা বা একজন কম নিয়ে খেলতে পারেন। আজ আমাদের সংখ্যাগত সুবিধা নিয়ে খেলার কথা ছিল, ২৫তম মিনিট থেকে ১০ জনের বিপরীতে ১১ জন। তারা এমনকি আমার কাছ থেকে কণ্ঠস্বরও কেড়ে নিয়েছে। তাদের দশজনের বিপরীতে ১১ জন নিয়ে খেলার সুযোগ থেকে আমাদের বঞ্চিত করা হয়েছে।’
তিনি বলে গেলেন, ‘এর চেয়ে বেশি আমি এই ম্যাচ নিয়ে কথা বলতে চাই না। এটা হতবাক করার মতো। হাফটাইমে পেকে আমাকে বলেছে যে তাকে আঘাত করা হয়েছে। আমি ঘটনাটি দেখেছি। এটা স্পষ্ট লাল কার্ড। আর দ্বিতীয় গোলে রুবিকে ফাউল করা হয়েছি, হয়তো লাল কার্ড নয়, কিন্তু নিঃসন্দেহে ফাউল ছিল।’
রিয়াল ১০ জন নিয়ে খেললেই যে সেভিয়া জিতে যেত, এমন দাবি করেননি গার্সিয়া। কিন্তু ভিন্ন পরিস্থিতিতে তার দল প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ পেত। তিনি বললেন, ‘হয়তো আমরা এমনিতেও আজ জিততে পারতাম না। কিন্তু ২৫তম মিনিট থেকে ১০ জনের বিরুদ্ধে ১১ জন নিয়ে খেলতে পারতাম। এটাই ম্যাচের সারসংক্ষেপ। সমান সমান খেলা মানে ১১ জনের বিরুদ্ধে ১১ জন থাকলে তর্কের কোনো জায়গা নেই। রিয়াল মাদ্রিদ জয়ের দাবিদার। কিন্তু এই ম্যাচের আরেকটি রূপ ছিল, যেটা আমাদের খেলতে দেওয়া হয়নি।’
ওই ঘটনা ভিএআর পর্যালোচনা করেছিল। সব দিক থেকে তারা রিপ্লে দেখার পরও গুলারের কনুইয়ের আঘাতের স্থান বা কতটা বলপ্রয়োগ করা হয়েছে, তা স্পষ্ট করে বুঝতে পারেনি তারা। পর্যাপ্ত ও সুনির্দিষ্ট প্রমাণ না থাকায় তারা রেফারিকে অনফিল্ড রিভিউয়ের সুপারিশ করেনি।
এনিয়েই মূলত ক্ষোভ গার্সিয়ার, ‘ওই ঘটনা আমাদের চাপে থাকার পরিবর্তে নিয়ন্ত্রণ এনে দিতে পারত। আমি জানি না কেন ভিএআর হস্তক্ষেপ করেনি। সম্ভবত তারা চায়নি ক্লাসিকোর আগে রিয়াল ৯ পয়েন্টে পিছিয়ে থাকুক, যদি আমরা জিতে যাই।’
আগামী সপ্তাহে ন্যু ক্যাম্পে এল ক্লাসিকোতে বার্সার মুখোমুখি হবে রিয়াল। সেভিয়াকে হারিয়ে মাদ্রিদ ক্লাব শীর্ষ দল বার্সার সঙ্গে ব্যবধান ৬ পয়েন্টে নামিয়ে এনেছে।

