ইউরোপের অনূর্ধ্ব-২১ বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ‘গোল্ডেন বয়’ জিতেছেন স্পেন ও বার্সেলোনার তরুণ ডিফেন্ডার পাউ কুবারসি। আর্জেন্টিনার দুই প্রতিভাবান ফুটবলার ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো ও জিয়ানলুকা প্রেস্টিয়ানিকে পেছনে ফেলে ২০২৬ সালের এই পুরস্কার জিতেছেন ১৯ বছর বয়সী এই স্প্যানিশ তারকা।
ইউরোপজুড়ে ৩০ জন শীর্ষস্থানীয় ক্রীড়া সাংবাদিকের ভোটাভুটির মাধ্যমে বিজয়ী নির্ধারিত হয়। যেখানে সবার চেয়ে এগিয়ে থেকে এই পুরস্কার জেতেন কুবারসি।
এর আগে ২০১৮ সালে নেদারল্যান্ডসের ডি লিট ডিফেন্ডার হিসেবে সবশেষ এই পুরস্কার জিতেছিলেন। এছাড়া এই অর্জনের মাধ্যমে তরুণ ফুটবলারদের আধিপত্য ধরে রাখল স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা।
এর আগে ২০২১ সাল থেকে শুরু করে কাতালান ক্লাবটির হয়ে পেদ্রি, গাভি ও লামিনে ইয়ামাল এই পুরস্কার জিতেছিলেন। স্পেনের ফুটবল ইতিহাসে কুবারসিসহ মোট ছয়জন খেলোয়াড় এই মর্যাদাপূর্ণ পুরস্কারটি জেতার কৃতিত্ব অর্জন করলেন।

