সুপ্রভাত ঢাকা

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী

সত্যজিৎ রায়ের গল্পে ফের ক্যামেরার সামনে সব্যসাচী
ফাইল ছবি

প্রখ্যাত সাহিত্যিক ও চলচ্চিত্রকার সত্যজিৎ রায়ের সৃষ্ট জনপ্রিয় গোয়েন্দা চরিত্র ‘ফেলুদা’ হিসেবে দর্শকহৃদয়ে আলাদা জায়গা করে নিয়েছিলেন ওপার বাংলার প্রবীণ অভিনেতা সব্যসাচী চক্রবর্তী। সৌমিত্র চট্টোপাধ্যায়ের পর এই চরিত্রটিকে দীর্ঘদিন এগিয়ে নিয়ে গেলেও বয়সের কারণে একপর্যায়ে তিনি সরে দাঁড়ান।

তবে আবারও সত্যজিৎ রায়ের গল্প নিয়ে নির্মিত একটি কাজের মাধ্যমে ক্যামেরার সামনে ফিরছেন এই বর্ষীয়ান অভিনেতা। এটি পরিচালনা করছেন সন্দীপ রায়। সদ্য ভারতীয় গণমাধ্যমে মিলেছে এই খবর।

তাতে বলা হয়েছে, এর আগে সত্যজিৎ রায়ের ছোটগল্প অবলম্বনে সন্দীপ রায়ের পরিচালনায় নির্মিত ‘সত্যজিতের প্রিয় গল্প’ কিংবা ‘সত্যজিতের গপ্পো’র মতো একাধিক টেলিভিশন সিরিজ ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল। এবারও সত্যজিতের নির্বাচিত কিছু ছোটগল্প পর্দায় নিয়ে আসার উদ্যোগ নিয়েছেন সন্দীপ রায়।

নতুন এই প্রজেক্টের একটি প্রধান চরিত্রে দেখা যাবে সব্যসাচী চক্রবর্তীকে। কাজটি ছোটপর্দা বা অন্য কোনো মাধ্যমের জন্য তৈরি হচ্ছে কি না, তা এখনও চূড়ান্ত হয়নি। পাশাপাশি সত্যজিৎ রায়ের ঠিক কোন গল্পে সব্যসাচী অভিনয় করবেন, সে তথ্যও আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। তবে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সব পরিকল্পনা ঠিক থাকলে চলতি বছরের শেষদিকে শুরু হতে পারে কাজ।

উল্লেখ্য, সব্যসাচী চক্রবর্তীকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘অচিন্ত্য আইচ’ ফ্র্যাঞ্চাইজির নতুন সিরিজে। সেখানে অভিনেতা ঋত্বিক চক্রবর্তীর বিপরীতে এক আইনজীবীর চরিত্রে অভিনয় করেছিলেন তিনি।