সুপ্রভাত ঢাকা

পাহাড়ের ‘দুর্গা’ অর্ষা, নারীর শক্তি ও সংগ্রামের চিত্রে ছড়ালেন মুগ্ধতা

পাহাড়ের ‘দুর্গা’ অর্ষা, নারীর শক্তি ও সংগ্রামের চিত্রে ছড়ালেন মুগ্ধতা
পাহাড়ের ‘দুর্গা’ অর্ষা, নারীর শক্তি ও সংগ্রামের চিত্রে ছড়ালেন মুগ্ধতা

শারদীয় দুর্গাপূজা এলেই তারকাদের পূজার সাজ দেখা যায়। উৎসবের আমেজে রঙিন আবহে সেজে ওঠেন তারা। তবে অভিনেত্রী নাজিয়া হক অর্ষা যেন একটু ভিন্নভাবেই হাজির হলেন ভক্তদের সামনে। দেবী দুর্গার প্রতীকী রূপ ধারণ করে তিনি চমকে দিলেন, ছড়ালেন মুগ্ধতা।

পরনে লাল শাড়ি। মাথায় টোপর, হাতে শাঁখা-পলা। পূজার সাধারণ সাজ বটে। কিন্তু অর্ষার এই সাজ অনন্য হয়ে উঠেছে অন্যান্য কিছু অনুষঙের বদৌলতে। ছবিগুলো তুলেছেন পাহাড়ে, বান্দরবানে।

কখনো তার হাতে প্রতিমার মুখ, কখনো পিঠে নিয়েছেন থ্রুং, কখনো পাহাড়ি মানুষের সঙ্গে পারিবারিক আন্তরিকতায় মজেছেন, তো কখনো ত্রিশূল হাতে প্রতিবাদী রূপে ক্যামেরাবন্দী হয়েছেন। প্রতিটি চিত্রেই অর্ষাকে দেখে চোখ ফেরানো দায়।

অর্ষার এই বিশেষ ফটোশুট করেছে ‘মিস্টার মোমেন্টওয়ালা’। প্রতি বছরই দুর্গাপূজা উপলক্ষে এরকম ফটোশুট করেন এই পেজের ফটোগ্রাফার মো. নাজমুল হোসেন। এবার তাকে পৃষ্ঠপোষকতা করেছে সাতকাহন। ফটোশুটটির নাম দেওয়া হয়েছে ‘পাহাড়ের নারী শক্তি ও দুর্গা’।

এই ফটোশুটে অর্ষাকে দেখে ভূয়সী প্রশংসা করছেন নেটিজেনরা। প্রশংসা করছেন শোবিজের মানুষেরাও। অভিনেতা চঞ্চল চৌধুরী মন্তব্য করেছেন, ‘দারুণ’; নির্মাতা চয়নিকা চৌধুরী মন্তব্য করেছেন, ‘ভীষণ সুন্দর’; অভিনেত্রী সুষমা সরকার লিখেছেন, ‘মা দুর্গা’; শাহনাজ খুশি লিখেছেন, ‘বিউটিফুল’।

উল্লেখ্য, শুক্রবার মহাষষ্ঠী দিয়ে শুরু হয়েছে দুর্গাপূজার মূল আয়োজন। লগ্ন মোতাবেক আজও চলছে মহাসপ্তমী। যথাক্রমে অষ্টমী, নবমী ও বিজয়া দশমী দিয়ে বুধবার শেষ হবে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় এ উৎসব।