সুপ্রভাত ঢাকা

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে কোয়েল

ক্যারিয়ারের নতুন অধ্যায়ে কোয়েল
ক্যারিয়ারের নতুন অধ্যায়ে কোয়েল

অভিনয়জীবনের দীর্ঘ পথচলায় বড় পর্দায় নানা চরিত্রে দর্শকের সামনে এসেছেন কোয়েল মল্লিক। মাঝে টেলিভিশনে নন-ফিকশন অনুষ্ঠানেও কাজ করেছেন। তবে এবার প্রথমবারের মতো কোনো কল্পকাহিনিনির্ভর ধারাবাহিকে অভিনয় করছেন এই অভিনেত্রী। নব্বইয়ের দশকের স্মৃতিমাখা গল্পই তাকে নতুন এই অভিজ্ঞতার দিকে টেনেছে।

সনি আটের ধারাবাহিক ‘ডিয়ার ৯০’জ’-এ অভিনয়ের কারণ, চরিত্র ও ভবিষ্যৎ কাজ নিয়ে কথা বলেছেন কোয়েল। ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে কোয়েল জানান, টেলিভিশনে কাজের অভিজ্ঞতা তার আগে থেকেই রয়েছে। তবে এবারই প্রথম কোনো কল্পকাহিনিনির্ভর অনুষ্ঠানে যুক্ত হয়েছেন। সুরিন্দর ফিল্মস প্রযোজিত ‘ডিয়ার ৯০’জ’-এর গল্প তাকে বিশেষভাবে আকৃষ্ট করেছে।

ধারাবাহিকটিতে এমন এক সময়ের কথা উঠে আসবে, যখন ইন্টারনেট ও স্মার্টফোনের উপস্থিতি ছিল না, মানুষের পারস্পরিক সম্পর্কেও ছিল অন্য রকম আন্তরিকতা। কোয়েলের কথায়, ‘টেলিভিশনের প্রতি আমার প্রচণ্ড শ্রদ্ধা রয়েছে। অনেক বাড়িতেই সন্ধের সময়ে টিভি সিরিয়াল দেখার একটা অভ্যাস রয়েছে। দর্শকরা ধারাবাহিকের চরিত্রগুলোর সঙ্গে গভীর ভাবে জড়িয়ে পড়েন। টেলিভিশনের অভিনেতাদেরও তাঁরা পরিবারের সদস্যের মতো আপন করে নেন।’

ধারাবাহিকটিতে অপরাজিতা নামের একজন লেখিকার চরিত্রে দেখা যাবে কোয়েলকে। তার লেখা ‘ডিয়ার ৯০’জ’ বইটি বেস্টসেলার। গল্পের শুরুতে নিজের স্কুলে ফিরে অতীতের স্মৃতি ভাগ করে নিতে চান তিনি। সেই সূত্র ধরেই দর্শক ফিরে যাবেন নব্বইয়ের দশকে। চরিত্রটি নিয়ে কোয়েল বলেন, ‘এই চরিত্রের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো, অপরাজিতার ব্যক্তিগত স্মৃতির মধ্য দিয়েই উঠে আসে নব্বইয়ের দশকে বড় হয়ে ওঠার এক বৃহত্তর গল্প।’

ধারাবাহিকের সব পর্বে তাকে দেখা যাবে না বলেও জানিয়েছেন অভিনেত্রী। গল্পে অপরাজিতার শৈশবের অংশ ফ্ল্যাশব্যাকে দেখানোর সময়ই তার উপস্থিতি থাকবে। ছোট পর্দার পাশাপাশি বড় পর্দায়ও ব্যস্ততা রয়েছে কোয়েলের। মুক্তির অপেক্ষায় আছে পরমব্রত চট্টোপাধ্যায় পরিচালিত ‘জননী’ এবং অন্নপূর্ণা বসুর ‘স্পর্ধা’। এ ছাড়া কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব নিয়েও আগ্রহী তিনি। কোয়েলের আশা, নতুন ছবিগুলোও দর্শকের ভালোবাসা পাবে।