বড় বাজেট, তারকাবহুল অভিনয়শিল্পী আর চোখধাঁধানো দৃশ্যায়ন; সব মিলিয়ে মুক্তির আগেই আলোচনায় রণবীর কাপুর ও যশ অভিনীত ‘রামায়ণ’। তবে লস অ্যাঞ্জেলেসে প্রিমিয়ারের পর ভারতীয় এই সিনেমাটি ঘিরে সমালোচকদের মতামতে দেখা গেছে ভিন্ন চিত্র।
কেউ এর দৃশ্যায়ন ও নির্মাণের ব্যাপ্তিকে অসাধারণ বলছেন, কেউ আবার গল্পের দুর্বলতা, অতিরিক্ত দৈর্ঘ্য ও অভিনয় নিয়ে তুলেছেন প্রশ্ন। কারও চোখে এটি মহাকাব্যিক মাস্টারপিস, আবার কারও মতে অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বি-গ্রেডের সিনেমা।ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত কিছু পর্যালোচনায় সিনেমাটির ভিজ্যুয়াল ইফেক্টস, সেট ও পোশাক পরিকল্পনার প্রশংসা করা হলেও আন্তর্জাতিক রিভিউয়ার-দের মাঝে সিনেমাটি মাঝামাঝি অবস্থানে। যেমন মার্কিন চিত্র সমালোচক ব্র্যান্ডন জাকারি দিয়েছেন ১০-এর মধ্যে ৭ নম্বর। আবার আন্তর্জাতিক ফিল্ম ক্রিটিকস সাইট ইন্ডিওয়্যারও সিনেমাটিকে ‘বি’ গ্রেড দিয়েছে। অর্থাৎ সিনেমাটির ভালো-মন্দের মাঝামাঝি অবস্থানে ‘বি’ গ্রেড দেওয়া হয়।
আবার, তিন ঘণ্টার এই সিনেমার গল্পের অতিরিক্ত বিস্তার নিয়ে আপত্তি তুলেছেন কয়েকজন সমালোচক। এনওয়াইসি মুভি গুরু সিনেমাটিকে ‘অতিরিক্ত দীর্ঘ, অগোছালো, ক্লান্তিকর, আবেগহীন ও দুর্বল অভিনয়ের’ বলে মন্তব্য করেছে। প্রতিষ্ঠানটির পর্যালোচক অ্যাভি অফারের মতেও এটি ‘অতিরিক্ত জাঁকজমকপূর্ণ বি-গ্রেডের সিনেমা’।
অন্যদিকে, নেক্সট বেস্ট পিকচারের জিওভানি লাগো মনে করেন, ‘গেম অব থ্রোনস’-এর মতো সিরিজ হিসেবে নির্মিত হলে গল্পটি আরও ভালোভাবে তুলে ধরা সম্ভব হতো।
তবে ভারতীয় চলচ্চিত্র সমালোচক তরণ আদর্শের অভিজ্ঞতা একেবারেই ভিন্ন। নিজের পর্যালোচনায় ‘রামায়ণ’কে ‘অসাধারণ’ ও ‘চিত্তাকর্ষক’ বলে উল্লেখ করেছেন তিনি। দিয়েছেন ৫ এ পাঁচ। তার মতে, ভারতীয় পর্দায় এর আগে এমন বিশাল আয়োজন দেখা যায়নি। দৃশ্যায়ন, আবেগ, সংগীত ও নির্মাণের ব্যাপ্তির পাশাপাশি নিতেশ তিওয়ারির চিত্রনাট্যেরও প্রশংসা করেছেন তিনি। রণবীর, সাই পল্লবী, ইয়াশ ও রবি দুবের অভিনয়, এ আর রহমান ও হ্যান্স জিমারের আবহসংগীত এবং ডিএনইজির ভিজ্যুয়াল ইফেক্টসকে বিশেষভাবে উল্লেখ করেছেন এই সমালোচক। তার ভাষায়, ‘রামায়ণ’ শুধু একটি সিনেমা নয়, এটি একটি অভিজ্ঞতা।
বাজেটের দিক থেকেও ভারতীয় সিনেমার ইতিহাসে বড় জায়গা করে নিয়েছে ‘রামায়ণ’। অভিনেতা ও সহপ্রযোজক যশ জানিয়েছেন, দুই পর্ব মিলিয়ে মুক্তি, প্রচার ও পোস্ট-প্রোডাকশন ব্যয়সহ প্রকল্পটির মোট বাজেট ৪ হাজার কোটি রুপি।
সিনেমাটিতে শ্রীরামের চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ, লক্ষ্মণের চরিত্রে রবি দুবে এবং হনুমানজির চরিত্রে অভিনয় করেছেন সানি দেওল। আগামী ৫ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পাওয়ার কথা প্রথম পর্বের। দ্বিতীয় পর্ব মুক্তির পরিকল্পনা রয়েছে ২০২৭ সালের দীপাবলিতে। ভারতে হিন্দি, তামিল, তেলুগু, কন্নড় ও মালয়ালম ভাষায় আইম্যাক্স সংস্করণেও মুক্তি পাবে সিনেমাটি।

