ভারতের টেলিভিশন অভিনেতা অনুজ ঠাকুর আর নেই। মাত্র ৩৩ বছর বয়সেই মারা গেলেন তিনি। খিঁচুনিতে আক্রান্ত হয়ে ঘুমের মধ্যেই তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছেন অভিনেতার বন্ধু ও কাস্টিং ডিরেক্টর রূপেশ সোনার। ইন্ডিয়ান এক্সপ্রেস থেকে জানা যায়, গত ২৭ অক্টোবর মারা যান অনুজ। তবে সোমবার (২ নভেম্বর) তার মৃত্যুর খবর প্রকাশ্যে আসে।
এক সাক্ষাৎকারে রূপেশ জানান, ঘুমাতে যাওয়ার পর আর জেগে ওঠেননি অনুজ। প্রতিদিন ভোর সাড়ে ৪টায় ঘুম থেকে উঠতেন অভিনেতা। শরীরচর্চা ও জগিং ছিল তার নিয়মিত রুটিনের অংশ। কিন্তু ঘটনার দিন নির্ধারিত সময়ে অ্যালার্ম বেজে উঠলেও ঘুম থেকে ওঠেননি তিনি। পরে অনুজের মা তাকে ডাকতে ঘরে গিয়ে মৃত অবস্থায় দেখতে পান। পরিবারের কাছ থেকে রূপেশ জানতে পারেন, খিঁচুনিতে আক্রান্ত হওয়ার পরই তার মৃত্যু হয়েছে।
অনুজের মৃত্যুর খবর সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়ে আবেগঘন পোস্ট দিয়েছেন রূপেশ সোনার। সেখানে তিনি লেখেন, অনুজ শুধু তার বন্ধু ছিলেন না, ছোট ভাইয়ের মতো ছিলেন। একসঙ্গে অনেক কাজের পরিকল্পনা ছিল তাদের। অনুজের শুরুর দিকের সংগ্রাম থেকে অভিনয়জীবনের পথচলা সবকিছুরই সাক্ষী ছিলেন তিনি। মাত্র ১০ দিন আগেও তাঁদের দেখা হয়েছিল।
রূপেশ আরও জানান, ২০০৮ সালে ‘বন্ধন সাথ জনমো কা’ ধারাবাহিকের মাধ্যমে অনুজের সঙ্গে তার পরিচয়। এরপর একাধিক টেলিভিশন অনুষ্ঠানে একসঙ্গে কাজ করেছেন তারা। মৃত্যুর আগে অনুজ আবারও অভিনয়ে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন। তাঁর মধ্যে নতুন করে কাজ শুরুর প্রবল আগ্রহ ছিল।
‘ধুম মাচাও ধুম’, ‘বন্ধন সাথ জনমো কা’, ‘বিন্দ বানোঙ্গা ঘোড়ি চড়ুঙ্গা’ ও ‘মহিসাগর’-এর মতো ধারাবাহিকে অভিনয় করেছেন অনুজ। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন সহকর্মীরাও। অভিনেতা ভাকুয়ার শেখ ও ‘বিগ বস ১৮’-এর পরিচিত মুখ ইয়ামিনী মালহোত্রা সামাজিক যোগাযোগমাধ্যমে শোক জানিয়েছেন।

