পরিবেশবান্ধব শিল্পায়নে আরও একটি গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জন করেছে বাংলাদেশ। দেশে লিড (এলইইডি) সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩০২টিতে। এর মধ্য দিয়ে বিশ্বে সর্বাধিক লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার দেশ হিসেবে নিজেদের শীর্ষস্থান ধরে রেখেছে বাংলাদেশ। সম্প্রতি বাংলাদেশের আরও ১২টি তৈরি পোশাক, টেক্সটাইল ও অ্যাকসেসরিজ কারখানা যুক্তরাষ্ট্রের ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের লিড সনদ অর্জন করেছে। নতুন কারখানাগুলোর মধ্যে ৯টি প্লাটিনাম এবং ৩টি গোল্ড ক্যাটাগরিতে সনদ পেয়েছে।
ইউএস গ্রিন বিল্ডিং কাউন্সিলের তথ্য অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে প্লাটিনাম ক্যাটাগরিতে ১৩৪টি, গোল্ড ক্যাটাগরিতে ১৪৮টি, সিলভার ক্যাটাগরিতে ১৬টি এবং সার্টিফায়েড ক্যাটাগরিতে ৪টি কারখানা রয়েছে। এছাড়া বিশ্বের সর্বোচ্চ স্কোর পাওয়া ১০০টি লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার মধ্যে ৫৩টিই বাংলাদেশে অবস্থিত।
নতুন সনদ পাওয়া কারখানাগুলোর মধ্যে সবচেয়ে বেশি ৯৭ পয়েন্ট অর্জন করেছে ঢাকার ধামরাইয়ে অবস্থিত অ্যাডজি ট্রিমস লিমিটেড। প্রতিষ্ঠানটি প্লাটিনাম ক্যাটাগরিতে সনদ পেয়েছে। নতুন প্লাটিনাম সনদপ্রাপ্ত অন্য কারখানাগুলোর মধ্যে রয়েছে গাজীপুরের টোক নগরে অবস্থিত ডি অ্যান্ড এস প্রিটি ফ্যাশনস লিমিটেড, ৯১ পয়েন্ট; প্রবৃদ্ধি অ্যাপারেলস লিমিটেড, ৮৮ পয়েন্ট; নারায়ণগঞ্জের কায়েমপুরে এফকেএল প্রিন্টিং বিল্ডিং, ৮৬ পয়েন্ট; এবং গাজীপুরের এল ইউজিন ফ্যাশন লিমিটেড, ৮৫ পয়েন্ট।
এছাড়া চট্টগ্রামের ভিজ্যুয়াল ইকো স্টাইলওয়্যার লিমিটেড ৮৪ পয়েন্ট, কেডিএস অ্যাপারেলস লিমিটেডের টেক্সটাইল অ্যান্ড ওয়াশিং ইউনিট ৮২ পয়েন্ট, সাভারের ডিইপিজেড ওল্ড এরিয়ার প্যাক্সার বাংলাদেশ লিমিটেড ৮২ পয়েন্ট এবং গাজীপুরের বিপ্রবর্থায় অবস্থিত এক্সপো অ্যাকসেসরিজ লিমিটেড ৮২ পয়েন্ট অর্জন করে প্লাটিনাম সনদ পেয়েছে।
অন্যদিকে, নতুন তিনটি কারখানা গোল্ড ক্যাটাগরিতে সনদ অর্জন করেছে। এগুলো হলো- নারায়ণগঞ্জের বার্নালি কালেকশনস লিমিটেডের নিটিং ইউনিট, ৬৮ পয়েন্ট; চট্টগ্রামের বেস্টেক বিডি লিমিটেড, ৬৬ পয়েন্ট; এবং টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত এক্সপোর্ট বিল্ডিং-২, ৬৪ পয়েন্ট। নতুন কারখানাগুলোর মধ্যে কয়েকটি লিড বিডি+সি (নিউ কনস্ট্রাকশন) ভার্সন ৪ এবং অন্যগুলো লিড ও+এম (এক্সিস্টিং বিল্ডিংস) ভার্সন ৪.১ মানদণ্ডে সনদ অর্জন করেছে।
সংশ্লিষ্টরা বলছেন, লিড সনদপ্রাপ্ত সবুজ কারখানার সংখ্যা বৃদ্ধি বাংলাদেশের তৈরি পোশাক ও টেক্সটাইল খাতের পরিবেশবান্ধব শিল্পায়নে অগ্রগতির প্রতিফলন। জ্বালানি সাশ্রয়, পানি ব্যবস্থাপনা, পরিবেশ সুরক্ষা এবং টেকসই উৎপাদনব্যবস্থা নিশ্চিত করার ক্ষেত্রে এ অর্জন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

