আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়া কক্সবাজারের হিমছড়িতে অবস্থিত গোল্ডস্যান্ডস গ্রুপের চার তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলস পরিদর্শন করেছেন। পরিদর্শনকালে হোটেলের সার্বিক পরিবেশ, খাবারের মান, রান্নাঘরের ব্যবস্থাপনা এবং অতিথিসেবার মান পর্যবেক্ষণ করে সন্তোষ প্রকাশ করেন তিনি। একই সঙ্গে হোটেলের কর্মীদের আন্তরিকতা ও পেশাদারিত্বেরও প্রশংসা করেন আন্তর্জাতিক অঙ্গণে পরিচিত শেফ টমি মিয়া।
পরিদর্শনের সময় শেফ টমি মিয়া হোটেলের রান্নাঘরসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান ঘুরে দেখেন। এ সময় খাবার প্রস্তুতের প্রক্রিয়া, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবারের গুণগত মান এবং সার্বিক ব্যবস্থাপনা পর্যবেক্ষণ করেন তিনি। হোটেলের বিভিন্ন আয়োজন ও সেবার মান দেখে সন্তুষ্টি প্রকাশের পাশাপাশি সেখানে কর্মরত শেফদের সঙ্গে মতবিনিময় করেন এবং খাবারের মান আরও উন্নত করা ও আন্তর্জাতিক মান বজায় রাখার বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন। এ সময় উপস্থিত ছিলেন গোল্ডস্যান্ডস গ্রুপের সিইও শাহাদাৎ হোসাইন বাহার, ডেপুটি ডিরেক্টর এস এম হোসেন বাবলাসহ প্রতিষ্ঠানটির শীর্ষ কর্মকর্তারা।
শেফ টমি মিয়া বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের খাবারের মান ও অতিথিদের সেবা প্রদানের ধরণকে ইতিবাচকভাবে মূল্যায়ন করেন। বিশেষ করে রুম সার্ভিস থেকে শুরু করে হোটেলের বিভিন্ন পর্যায়ে কর্মীদের আন্তরিকতা, অতিথিদের প্রতি যত্নশীল আচরণ এবং সেবার মান তাঁর নজর কাড়ে। তাঁর এই পরিদর্শন হোটেলটির কর্মীদের জন্য পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সেবার মান আরও সমৃদ্ধ করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে বলে আশা করেন তিনি।
তিনি সন্ধ্যায় হোটেলের রুফটপে ইনফিনিটি সুইমিংপুলে বসে নয়নাভিরাম সূর্যাস্ত উপভোগ করেন এবং সমুদ্র ও পহাড়ের মেলবন্ধনে অবস্থিত হোটেলটির পাশেই পাহাড়ের সর্বোচ্চ চূড়াসহ সবুজের সমারোহে পাহাড়ের নান্দনিক সৌন্দর্য্য উপভোগ করেন।
কক্সবাজার দেশের অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র। প্রতিবছর দেশ-বিদেশের বিপুলসংখ্যক পর্যটক এখানে ভ্রমণে আসেন। পর্যটকদের উন্নত আবাসন, মানসম্মত খাবার এবং আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করা এ অঞ্চলের পর্যটনশিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে হিমছড়ির প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে অবস্থিত বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের মতো হোটেল পর্যটকদের মানসম্মত সেবা প্রদানের মাধ্যমে কক্সবাজারের পর্যটন খাতকে আরও সমৃদ্ধ করতে ভূমিকা রাখতে পারে।
সংশ্লিষ্টদের মতে, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শেফ টমি মিয়ার এই পরিদর্শন এবং তাঁর দেওয়া দিকনির্দেশনা বেস্ট ওয়েস্টার্ন প্লাস বে হিলসের রান্নাঘরের ব্যবস্থাপনা, খাবারের মান ও অতিথিসেবার উৎকর্ষ ধরে রাখতে সহায়ক হবে। পাশাপাশি আন্তর্জাতিক মানের আতিথেয়তা নিশ্চিত করার মাধ্যমে কক্সবাজারকে দেশি-বিদেশি পর্যটকদের কাছে আরও আকর্ষণীয় করে তুলতেও এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে।

