মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মজলুম জননেতা মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৫০তম ওফাতবার্ষিকী উপলক্ষে ‘মওলানা ভাসানীর বিশ্বশান্তি দর্শন’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনের সেমিনার হলে আয়োজিত সেমিনারে প্রধান আলোচক ছিলেন বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) চেয়ারম্যান ও দৈনিক যুগান্তরের সম্পাদক কবি আবদুল হাই শিকদার।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক মো. আনিছুর রহমান ও টাঙ্গাইল জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এসএম ওবায়দুল হক। বিশেষ আলোচক ছিলেন মওলানা ভাসানী ফাউন্ডেশনের সদস্য সচিব মাহমুদুল হক শানু।
অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন মওলানা ভাসানী স্টাডিজের কোর্স টিচার সৈয়দা উসতু আনা হান্নানা।
বক্তারা বলেন, মওলানা ভাসানী ছিলেন শোষণ, বৈষম্য, সাম্রাজ্যবাদ ও আধিপত্যবাদের বিরুদ্ধে আজীবন সংগ্রামী নেতা। বিশ্বশান্তি ও মজলুম মানুষের মুক্তির প্রতীক হিসেবে তাঁর আদর্শ ও রাজনৈতিক দর্শন বর্তমান প্রজন্মের জন্যও অত্যন্ত প্রাসঙ্গিক।
প্রধান আলোচক আবদুল হাই শিকদার পারিবারিক স্মৃতিচারণে বলেন, তাঁর দাদা ও বাবা মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর ও ছাত্র ছিলেন। এমনকি তাঁর জন্মের পর মওলানা ভাসানী নিজেই তাঁর নাম রেখেছিলেন। এ সময় তিনি মওলানা ভাসানীর সম্পাদিত ‘হক কথা’ পত্রিকার ঐতিহাসিক গুরুত্বও তুলে ধরেন।

