মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) উচ্চশিক্ষার মানোন্নয়ন ও রূপান্তর ত্বরান্বিতকরণ প্রকল্পের (হিট) আওতায় উপ-প্রকল্প দলের সদস্যদের আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি (বিএমবি) বিভাগের সেমিনার হলে এ প্রশিক্ষণ শুরু হয়। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) হিট প্রকল্পের উদ্যোগে আয়োজিত প্রশিক্ষণে বিভিন্ন উপ-প্রকল্পের সদস্য ও এটিএফসহ মোট ৩০ জন অংশ নেন।
প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি ও মূল আলোচক ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন প্রো-ভাইস-চ্যান্সেলর অধ্যাপক মো. আনিছুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফার্মেসি বিভাগের অধ্যাপক ও হিট প্রকল্পের উপ-প্রকল্প ব্যবস্থাপক অধ্যাপক ড. মো. মিজানুর রহমান মোগল। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএমবি বিভাগের অধ্যাপক ড. মো. খাইরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক ড. এবিএম শহিদুল ইসলাম বলেন, প্রকল্পের দায়িত্ব পালনে ন্যায়নিষ্ঠা ও সততা বজায় রাখা জরুরি। প্রকল্পের সুষ্ঠু বাস্তবায়ন, স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে আর্থিক ব্যবস্থাপনায় দক্ষতা অর্জন এবং সরকারি বিধিবিধান অনুসরণ করতে হবে। প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান নিজ নিজ প্রকল্পের কাজে লাগানোর আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তব্যে অধ্যাপক মো. আনিছুর রহমান বাজেট অনুযায়ী ব্যয়, নিয়মিত অডিট হালনাগাদ, সঠিক হিসাব সংরক্ষণ এবং যথাযথভাবে বিল-ভাউচার প্রস্তুতের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, আর্থিক ব্যবস্থাপনা সম্পর্কে সুস্পষ্ট ধারণা থাকলে প্রকল্প বাস্তবায়নের জটিলতা কমবে এবং কাজের মান বাড়বে।
প্রশিক্ষণে রিসোর্স পারসন হিসেবে সেশন পরিচালনা করেন হিট প্রকল্পের সিনিয়র ফিন্যান্সিয়াল ম্যানেজমেন্ট স্পেশালিস্ট মো. মনসুরুজ্জামান খান। তিনি প্রকল্পের আর্থিক চুক্তি, ডাবল এন্ট্রি হিসাব পদ্ধতি, তহবিল ব্যবস্থাপনা, সরকারি ক্রয়বিধি, ভ্যাট-আয়কর, বিল পরিশোধ এবং বাজেট ও ভাউচার রেজিস্টার সংরক্ষণসহ আর্থিক ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় তুলে ধরেন।
দিনব্যাপী এ প্রশিক্ষণে প্রকল্পের আর্থিক ও প্রশাসনিক জটিলতা নিরসনেও আলোচনা হয়। আয়োজকদের মতে, প্রশিক্ষণটি উপ-প্রকল্প দলের সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং প্রকল্পের অর্থ ব্যবহারে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে সহায়ক হবে।

