গোপালগঞ্জের কোটালীপাড়ায় পুকুরের পানিতে ডুবে সাইফা খানম (২) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার গোপালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। সাইফা ওই গ্রামের ফাহিম খানের একমাত্র সন্তান।
স্থানীয় সূত্রে জানা যায়, সকালে মায়ের সঙ্গে বাড়ির উঠানে ছিল সাইফা। বাবার ফোনকল আসায় মা ঘরে গিয়ে কথা বলতে শুরু করেন। কিছুক্ষণ পর বাইরে এসে শিশুটিকে দেখতে না পেয়ে পরিবারের সদস্য ও প্রতিবেশীরা খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাকে উদ্ধার করে কোটালীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিয়াদ মাহমুদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

