সুপ্রভাত ঢাকা

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের লক্ষ্য ৪ কোটি ৮৫ লাখ পরিবার

কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের লক্ষ্য ৪ কোটি ৮৫ লাখ পরিবার
কাশিয়ানীতে ফ্যামিলি কার্ডের লক্ষ্য ৪ কোটি ৮৫ লাখ পরিবার

নারীর আর্থিক ক্ষমতায়ন ও সামাজিক সুরক্ষা জোরদারের লক্ষ্যে দেশব্যাপী ফ্যামিলি কার্ড কর্মসূচির তথ্য সংগ্রহ শুরু হয়েছে। এর অংশ হিসেবে গোপালগঞ্জের কাশিয়ানীতে তথ্য সংগ্রহের পদ্ধতি ও বাস্তবায়ন বিষয়ে অবহিতকরণ সভা ও প্রেস কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয় এ সভার আয়োজন করে।

সভায় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) পাপিয়া সুলতানা লিজা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সৌরভ রেজা শিহাব, উপজেলা বিএনপির সভাপতি মো. গোলাম মোস্তফা মোল্যা, সাধারণ সম্পাদক শেখ মো. সেলিম, সমাজসেবা কার্যালয়ের ফিল্ড সুপারভাইজার এস এম শফি কামালসহ স্থানীয় সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, প্রকৃত যোগ্য পরিবার শনাক্ত করতে তথ্য সংগ্রহের কাজ স্বচ্ছ, নিরপেক্ষ ও নির্ভুলভাবে সম্পন্ন করতে হবে। এ জন্য তথ্য সংগ্রহকারী ও সাধারণ মানুষকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তাঁরা।

সভায় জানানো হয়, দেশব্যাপী তথ্য সংগ্রহে ৬৬ হাজার ৮১৫ জন তথ্য সংগ্রহকারী ও ৬ হাজার ৬৮১ জন সুপারভাইজার নিয়োজিত রয়েছেন। বিশেষায়িত ট্যাবলেটের মাধ্যমে বাড়ি বাড়ি গিয়ে পরিবারের তথ্য সংগ্রহ করে অনলাইন ডেটাবেইজে অন্তর্ভুক্ত করা হবে।

২০২৬ সালের ডিসেম্বরের মধ্যে আনুমানিক ৪ কোটি ৮৫ লাখ পরিবারের তথ্য সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। পরে প্রক্সি মিনস টেস্ট (পিএমটি) পদ্ধতিতে যোগ্য উপকারভোগী নির্বাচন করা হবে।

চলতি অর্থবছরে নতুন করে ৪০ লাখ নারী পরিবারপ্রধানকে ফ্যামিলি কার্ড ও ভাতা দেওয়ার পরিকল্পনা রয়েছে। পর্যায়ক্রমে পরবর্তী তিন অর্থবছরের মধ্যে যোগ্য সব নারী পরিবারপ্রধানকে এ কর্মসূচির আওতায় আনার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। সংশ্লিষ্টদের আশা, কর্মসূচিটি নারীর আর্থিক ক্ষমতায়ন ও পরিবারের আর্থসামাজিক উন্নয়নে ভূমিকা রাখবে।