গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়াকে কেন্দ্র করে তিন তরুণকে মারধরের অভিযোগের ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বিএনপি থেকে পদত্যাগ করেছেন বাবা ও ছেলে। ভয়ভীতি, হয়রানি ও রাজনৈতিক কর্মকাণ্ডে মতের অমিলের অভিযোগ তুলে দলটির সঙ্গে সব ধরনের সাংগঠনিক সম্পর্ক ছিন্ন করার ঘোষণা দিয়েছেন তাঁরা।
সোমবার (১৬ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার কুশলী ইউনিয়নের চর কুশলী গ্রামের নিজ বাড়িতে পদত্যাগের ঘোষণা দেন মো. লুৎফর ফকির ও তাঁর ছেলে মিরান ফকির। তাঁরা দুজনই বিএনপির সাধারণ সদস্য ছিলেন।
মিরান ফকিরের অভিযোগ, ভয়ভীতি দেখিয়ে তাঁদের বিএনপিতে যোগ দিতে বাধ্য করা হয়েছিল। দলটির সঙ্গে পাঁচ থেকে সাত মাস সম্পৃক্ত থাকাকালে তাঁরা বিভিন্নভাবে হয়রানির শিকার হয়েছেন। এমনকি নীলফা বাজারে তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানেও ভয়ভীতি দেখানো হয়েছে।
তিনি বলেন, গতকাল রাতে তিন তরুণ ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় তাঁদের আটকে রেখে মারধর করা হয়েছে বলে জানতে পেরেছেন। এমন ঘটনায় তাঁরা মর্মাহত। বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত টুঙ্গিপাড়ায় এ ধরনের ঘটনা কোনোভাবেই কাম্য নয়।
মিরান বলেন, “এমন রাজনীতি আমরা চাই না, যেখানে স্লোগান দেওয়ার কারণে মানুষকে মারধরের শিকার হতে হয়। শেখ হাসিনার প্রতি আমাদের আবেগ ও ভালোবাসা রয়েছে।”
পদত্যাগের ঘোষণা শেষে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দেন মিরান ফকির।
এ বিষয়ে বিএনপির স্থানীয় নেতাদের বক্তব্য পাওয়া যায়নি। তাঁদের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষের বক্তব্য পাওয়া গেলে তা প্রকাশ করা হবে।

