দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন বিএনপি কর্মী আব্দুল লতিফের চিকিৎসার জন্য অর্থ সংগ্রহের লক্ষ্যে ঢাকার আশুলিয়ায় আয়োজিত চ্যারিটি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় সেমিফাইনাল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (৩০ অক্টোবর) বিকেলে আশুলিয়ার গাজীরচট আকবর মণ্ডল স্কুল অ্যান্ড কলেজ মাঠে অনুষ্ঠিত খেলায় শিমুলিয়া ইউনিয়ন ১-০ গোলে আশুলিয়া ইউনিয়নকে হারিয়ে ফাইনালে ওঠে।
খেলায় প্রধান অতিথি ছিলেন সাভার উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও আশুলিয়া থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মোহাম্মদ মঈনুদ্দিন বিপ্লব। উদ্বোধন করেন আশুলিয়া থানা বিএনপির সহ-সভাপতি মো. নজরুল ইসলাম।
স্বকল্প সমাজকল্যাণ সংস্থার সভাপতি মো. আবুল হোসাইন মুন্সীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, সামাজিক ব্যক্তিবর্গ ও ফুটবলপ্রেমীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা জানান, আব্দুল লতিফ দীর্ঘদিন ধরে দুই কিডনি বিকল হয়ে চিকিৎসাধীন। তাঁর চিকিৎসার ব্যয় বহনে পরিবারটি আর্থিক সংকটে রয়েছে। তাঁর পাশে দাঁড়াতে এবং চিকিৎসার অর্থ সংগ্রহ করতেই এ চ্যারিটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।
টুর্নামেন্ট থেকে সংগৃহীত অর্থ আব্দুল লতিফের চিকিৎসায় ব্যয় করা হবে। আগামী শুক্রবার ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

